ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের স্বতন্ত্র 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এবারের পরীক্ষায় আবেদনকারীদের উপস্থিতির হার ছিল ৯২.৫০ শতাংশ।
রোববার (১২ এপ্রিল) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবন (অনুষদ ভবন) এবং রবীন্দ্র-নজরুল কলা ভবনে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, 'ডি' ইউনিটের অধীনে চারটি বিভাগের মোট ৩৩০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ২ হাজার ৩৯ জন ভর্তিচ্ছু। আজকের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১ হাজার ৮৮৬ জন শিক্ষার্থী, যা মোট আবেদনকারীর ৯২.৫০ শতাংশ। ১৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।
পরীক্ষা চলাকালীন হলসমূহ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এ সময় তার সঙ্গে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের 'ডি' ইউনিটের অধীনে চারটি বিভাগ রয়েছে। এগুলো হলো— থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের অন্তর্ভুক্ত আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ও আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ; কলা অনুষদের অন্তর্ভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগ এবং ইসলামিক অ্যান্ড কম্পারেটিভ রিলিজিয়ন অনুষদের অন্তর্ভুক্ত দা'ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ।