আসাদুজ্জামান সরদার
, সাতক্ষীরা
বাঁশের চটা দিয়ে তৈরি খাঁচা বা কাঠামোর ভেতরে নাইলনের সরু সুতার ফাঁদ পাতা হয়েছে। সুতার সঙ্গে বাঁধা একটি জীবিত মাছ জলে নড়াচড়া করছে; বক এসে ঠোকর দিলেই গলা কিংবা পায়ে আটকে যাচ্ছে ফাঁস।
এভাবেই পানকৌড়িসহ বিভিন্ন স্থানীয় পাখি ধরা পড়ছে, আর অন্যান্য পাখি শিকার করা হচ্ছে এয়ারগান, কারেন্ট জাল ও সাউন্ড বক্স ব্যবহার করে। সাতক্ষীরার বিভিন্ন বিল, মাছের ঘের এবং জলাশয়গুলোতে অবাধে চলছে বক ও পানকৌড়িসহ বিভিন্ন স্থানীয় পাখি নিধন।
একশ্রেণির অসাধু শিকারি ফাঁদ, কারেন্ট জাল ও এয়ারগান ব্যবহার করে নির্বিচারে শিকার করছে এসব পাখি, যা স্থানীয় পরিবেশ ও বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করছে।
সাতক্ষীরা শহরের রাজারবাগান বিল, ডায়ের বিল, মাছখোলা বিল, হরিণখোলা, গোলপাতা বিল এবং গদাই ও খড়িবিলসহ বিভিন্ন জলাশয় ঘিরে গড়ে উঠেছে পাখিশিকারিদের শক্তিশালী চক্র। বিশেষ করে রাতের আঁধারে বিলের মাঝখানে লম্বা কারেন্ট জাল পেতে এবং শব্দযন্ত্রের সাহায্যে পাখির ডাক নকল করে তাদের আকৃষ্ট এবং শিকার করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে রাজারবাগান এলাকার একজন কৃষক জানান, প্রতিদিন এই বিল থেকে বক মারার ফাঁদ দিয়ে ২০ থেকে ৩০টি করে বক ধরা হচ্ছে। আশের পাশের বিলগুলো থেকে প্রতিদিন শত শত পাখি। ফাঁদ ও এয়ারগান দিয়ে শিকার করা হচ্ছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে পরিবেশের জন্য উপকারী পাখি হারিয়ে যাবে।
তালা উপজেলা ওয়াইল্ডলাইফ মিশনের সভাপতি জুলফিকার রায়হান জানান, তালা ও সাহাপুরসহ বিভিন্ন এলাকায় তারা সচেতনতামূলক ক্যাম্প এবং অভিযান চালিয়ে কিছু এয়ারগান ও ফাঁদ উদ্ধার করা হয়েছে। তবে বনবিভাগের জনবল কাঠামো কম থাকায় তারা কার্যকর ভূমিকা রাখতে পারছেন না এবং প্রশাসনের কাছ থেকেও কাঙ্ক্ষিত সহযোগিতা মিলছে না।
তিনি বলেন, ডুমুরিয়া অঞ্চল থেকে আসা বিশেষ সাউন্ড বক্স ও কারেন্ট জালের ব্যবহার বন্ধের পাশাপাশি সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরি।
এ বিষয়ে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা জানান, পরিযায়ী বা অতিথি পাখির পাশাপাশি স্থানীয় বক, ঘুঘু ও বিভিন্ন প্রজাতির পাখি অবাধে শিকার করা হচ্ছে, যা প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ।
তিনি বলেন, প্রশাসনের নজরদারির অভাবে অপরাধীরা রাতের অন্ধকারে পাখি ধরে গোপনে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে বিক্রি করছে। পাশাপাশি এই পাখি আবার বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি এলাকাভিত্তিক প্রতিরোধ সেল গঠন, রাতে পুলিশ ও জনপ্রতিনিধিদের মাধ্যমে কঠোর মনিটরিং এবং নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার দাবি জানান।
বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬ অনুযায়ী পাখি শিকার, হত্যা, আটক, ক্রয়-বিক্রয় ও পরিবহন দণ্ডনীয় অপরাধ। আইনের বিধান অনুযায়ী, প্রথমবার পাখি শিকার বা হত্যা করলে সর্বোচ্চ এক বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে; অপরাধের পুনরাবৃত্তি করলে শাস্তি দ্বিগুণ হতে পারে। এছাড়া পাখি বা এর মাংস কেনাবেচা, দখলে রাখা বা পরিবহনের ক্ষেত্রে প্রথমবার সর্বোচ্চ ছয় মাস কারাদণ্ড বা সর্বোচ্চ ৩০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে এবং পুনরাবৃত্তিতে শাস্তি দ্বিগুণ হয়। হোটেল বা রেস্তোরাঁয় পাখির মাংস পরিবেশন করলেও সংশ্লিষ্ট মালিক দণ্ডিত হবেন, আর বিপন্ন প্রজাতির পাখি অবৈধভাবে আটকে রাখলে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড বা তিন লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইন বলেন, পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। আমরা এ বিষয়ে দ্রুত অভিযান চালাবো এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব।