কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত পাঁচ রোগী চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল করিম।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ঘুগরাকাঠি এলাকার সোনালী আক্তার (২০), কালিকাপুর গ্রামের শাহিনা আক্তার (২২), খেওয়া গ্রামের ইকবাল হোসেন (৩৫), তালবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর হোসেন (২৫) ও বমিয়ার গ্রামের রিয়াজ মোল্লা (২৩)।
ডেঙ্গু পরীক্ষায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল করিম বলেন, ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।