স্টাফ রিপোর্টার
, যশোর
সারা দেশের মতো যশোরেও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬। শিশুদের মারাত্মক দুটি সংক্রামক রোগ থেকে সুরক্ষা দিতে আজ সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
জেলা সিভিল সার্জন ডা. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কমলেশ মজুমদার, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আরএমও ডা. আহসান কবির বাপ্পী এবং ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেলসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর উপায় এবং শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সকল অভিভাবককে নির্ধারিত সময়ে শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানান।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২০ এপ্রিল শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত। জেলার মোট দুই হাজার ২৮০টি টিকাদান কেন্দ্রে ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী মোট দুই লাখ ৮৩ হাজার ৬০৪ জন শিশুকে বিনামূল্যে এমআর (হাম-রুবেলা) টিকা প্রদান করা হবে।
পাশাপাশি নয় থেকে ১৫ মাস বয়সী শিশু এবং পূর্বে এক বা দুই ডোজ টিকা গ্রহণের পর এক মাস অতিক্রান্ত শিশুদেরও এ কার্যক্রমের আওতায় আনা হবে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং অভিভাবকদের সচেতন অংশগ্রহণই এ কর্মসূচির সফলতার মূল চাবিকাঠি।