কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল) সকালে স্বাস্থ্য অধিদপ্তর সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আয়োজনে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শোয়াইব।
এ সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) ডা. রাফি, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. তাজ মোহাম্মদ মল্লিকসহ সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসক ও কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে ডা. মোহাম্মদ শোয়াইব বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে নির্ধারিত টিকাকেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে এবং টিকাদান কার্যক্রম সফল করতে স্বাস্থ্যকর্মীরা নিবিড়ভাবে মাঠপর্যায়ে কাজ করছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এই বিশেষ ক্যাম্পেইন চলবে আগামী ১০ মে পর্যন্ত। এই সময়ের মধ্যে নির্ধারিত বয়সী সকল শিশুকে হাম ও রুবেলা প্রতিরোধে বিনামূল্যে টিকা প্রদান করা হবে।
শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিতে এই কার্যক্রমের সফলতায় অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ কামনা করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।