লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে ক্ষেত থেকে পাট কাটার সময় এক কৃষকের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নৃসংস হামলার ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত ওই কৃষককে আশঙ্কাজনক অবস্থায় নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত কৃষকের নাম মো. শামীম মোল্যা (৩৫)। তিনি লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দীননাথপাড়া গ্রামের সুরুজ মোল্যার ছেলে।
এ ঘটনায় আহতের ছোট ভাই মো. কামরুল ইসলাম বাদী হয়ে সোমবার (২৭ জুলাই) লোহাগড়া থানায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে একটি এজাহার দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ১টার দিকে শামীম মোল্যা চর বালিদিয়া কাটাখালের উত্তর পাশে নিজের জমির পাট কেটে রাস্তার ধারে রাখছিলেন। এ সময় জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জেরে চরবালিদিয়া গ্রামের দেলোয়ার মুন্সি, রাজু মুন্সি, দুখু মুন্সি, সুজন মুন্সি, বিল্লাল মুন্সি, হৃদয় মুন্সি, করিম মুন্সি, শামীম মুন্সি ও আবদুল্লাহ মুন্সিসহ একদল সশস্ত্র ব্যক্তি রামদা, ছ্যানদা, চাইনিজ কুড়াল, লোহার রড ও হাতুড়ি নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা প্রথমে শামীম মোল্যাকে ঘিরে ফেলে। পরে দেশীয় অস্ত্র দিয়ে তার মাথা, কোমর, কলারবোন ও চোখে এলোপাতাড়ি কোপায় ও আঘাত করে। একপর্যায়ে রডের আঘাতে শামীম মাটিতে লুটিয়ে পড়লে তাকে পিটিয়ে পাশের খাদের পানিতে ফেলে হত্যার চেষ্টা চালানো হয়।
পরবর্তীতে স্থানীয় বাসিন্দা জামাল মোল্যা, আ. হান্নান মুন্সি, খসরু মোল্যা ও বিপ্লবসহ আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসী জানান, উভয় পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। তারই জের ধরে এই হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান জানান, ঘটনাটিতে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।