শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধূমঘাট ব্লকে কৃষক কার্ড বিতরণের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার ঈশ্বরীপুরের ধুমঘাট এসএমসি প্রাইমারি স্কুল কাম সাইক্লোন শেল্টারে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির, সদস্য সচিব আশেক এলাহী মুন্না, যুগ্ন-আহবায়ক অধ্যাপক আবু সাঈদ, আবুল কালাম মোড়ল, গাজী শহীদুজ্জামান, গাজী শাহ আলম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম। তিনি বলেন, ঈশ্বরীপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কৃষক, মৎস্যচাষি, স্থায়ী জেলে এবং পশুপালন খামারিদের কৃষক কার্ডের আওতায় আনার জন্য তথ্য সংগ্রহ করা হবে। আগামী ৫ আগস্ট পর্যন্ত উপসহকারী কৃষি কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ করবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আরও জানান, কৃষক কার্ডের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা নগদ প্রণোদনা, বিনামূল্যে কৃষি উপকরণ, ভর্তুকিতে কৃষিযন্ত্র, সার ক্রয়ের সুবিধা, ডিজিটাল কৃষি পরামর্শ, কৃষিঋণ, সেচসুবিধাসহ মোট দশ ধরনের সরকারি সেবা গ্রহণের সুযোগ পাবেন