মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
পৃথক অভিযানে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্টকারী দুই মাদকসেবী এবং এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহের মহেশপুরে থানা পুলিশ।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকসেবীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
থানা সূত্রে জানা যায়, সোমবার মহেশপুর পুলিশ নেশাগ্রস্ত অবস্থায় প্রকাশ্যে জনসাধারণের শান্তি বিঘ্নিত করার অপরাধে দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করে।
মাদকসেবীরা হচ্ছে মহেশপুরের জলিলপুর মাঠপাড়ার হুমায়ুন কবিরের ছেলে নয়ন মিয়া (২৩) এবং লেবুতলা গ্রামের কাশেম মন্ডলের ছেলে সাইদুর মন্ডল (২৫)।
এরপর মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের ভ্রাম্যমাণ আদালতে আসামিরা অপরাধ স্বীকার করে ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
এদিকে, একইদিন আদালতের সিআর পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মহেশপুর থানার ওসি আজাদ রহমান জানান, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।