সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা শহরে একটি চায়ের দোকানের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত জাকারিয়া শহরের রুচিরা বেকারির মালিক আব্দুল গফুরের ছেলে এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ শাহীনের মামাতো ভাই।
তিনি এইচএসসি পরীক্ষার ফল প্রত্যাশী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রজানায়, রাতে ওই চায়ের দোকানে বিল পরিশোধ করা নিয়ে দোকানদারের সঙ্গে এক ব্যক্তির বাগবিতণ্ডা ও উত্তেজনা তৈরি হয়। এ সময় জাকারিয়া কথা-কাটাকাটি থামাতে এগিয়ে গেলে ওই ব্যক্তি তার বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় চায়ের দোকানের এক কর্মচারীও আহত হয়েছেন।
সাতক্ষীরা থানার পরিদর্শক (তদন্ত) শহীদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।