মাগুরা প্রতিনিধি
ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিধনে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পৌরসভা কর্তৃপক্ষ। শনিবার সকালে শহরের একতা কাঁচাবাজার এলাকায় এই অভিযান শুরু হয়।
অভিযানকালে মশা নিধনে ফগার মেশিনের সাহায্যে বিভিন্ন ড্রেন ও আশপাশের নর্দমায় মশা মারার ওষুধ স্প্রে করা হয়। একই সঙ্গে ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন এই বাজারের রাস্তা ও চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
এবারের অভিযানে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট সোসাইটির দশ এবং 'বিডি ক্লিন'-এর ছয় সদস্য অংশ নেন।

অভিযান চলাকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের এবং পৌরসভার পরিচ্ছন্নতা বিভাগের প্রধান ইতি খাতুন।
পৌর কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ও পৌরবাসীকে সচেতন করতে এই ধরনের প্রতিরোধমূলক ও সচেতনতামূলক অভিযান অব্যাহত থাকবে।