মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে একটি ড্রাগন বাগান থেকে জিহাদ হোসেন (১৬) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। বাগানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার চুন্নিরাইট গ্রামের একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। জিহাদ ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, গতকাল রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় জিহাদ। এরপর সে আর বাড়িতে ফেরেনি। আজ সকালে ভৈরবা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে তুহিনের ড্রাগন বাগানের পাশে জিহাদের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ ও পরিবারকে খবর দেয়। পরে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের ধারণা, ড্রাগন বাগানে পেতে রাখা চোরের উপদ্রব ঠেকানোর বৈদ্যুতিক ফাঁদে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।