মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে মাদকবিরোধী অভিযানে ৭ কেজি গাঁজাসহ হাসিবুল ইসলাম (৪৬) নামে একজনকে গ্রেপ্তারের দাবি করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২), সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্প।
শনিবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কাথুলী ইউনিয়নের নওপাড়া (ক্লাবপাড়া) এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার হাসিবুল ইসলাম নওপাড়া গ্রামের মৃত হাবিবুর ইসলামের ছেলে।
এসআরবি-১২ ও সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার এবং ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার হান্নান হাওলাদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মাদক কারবার চালিয়ে আসছিলেন বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে নিজ এলাকাসহ আশপাশের এলাকায় মাদক সরবরাহের অভিযোগ রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১৯(খ)-এর উল্লেখপূর্বক নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
শনিবার আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর কথা জানানো হয়েছে।