ঝিনাইদহে জামায়াত নেতৃবৃন্দ:
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
আগামী ৩১ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাত দফা দাবি আদায়ের লক্ষে ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের খালিশপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই।
এসবিকে ইউনিয়ন জামায়াতের আমির ও চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান আহম্মদ এবং ইউনিয়ন সেক্রেটারি শরিফুজ্জামান শাওনসহ স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
সভায় ৩১ অক্টোবরের লংমার্চে ব্যাপক জনসমাগম ও কর্মসূচি বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হাই বলেন, তেল, সার, গ্যাস ও বিদ্যুতের সংকট মোকাবিলা করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে এই লংমার্চে সর্বস্তরের মানুষের অংশ নেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে গণতান্ত্রিক উপায়ে তাদের ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে। ১১-দলীয় ঐক্যের দাবি না মানলে এই লংমার্চ থেকেই এক দফার আন্দোলন শুরু করার ঘোষণা দেন তিনি।