লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের আড়পাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাইকে লোহার রড ও কাঠের বাটাম দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে বড় ভাই ও তার স্ত্রীর বিরুদ্ধে। বুধবার (২৮ অক্টোবর) সকাল আনুমানিক ৬টার দিকে আড়পাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহত রেজাউল শেখ (৪৮) ওই গ্রামের মৃত সানোয়ার শেখের ছেলে। তিনি লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্তরা হলেন তার বড় ভাই সাহীদুল শেখ ও ভাবি চায়না বেগম।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল।
এরই জেরে বুধবার সকালে সাহীদুল শেখ ও তার স্ত্রী চায়না বেগম পরস্পর যোগসাজশে রেজাউল শেখের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় লোহার রড ও কাঠের বাটাম দিয়ে পিটিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়। একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে পাশের পানিতে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় রেজাউল শেখকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে।
তবে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সাহীদুল শেখ ও তার স্ত্রী চায়না বেগমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।