স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ এক নারীসহ চার মাদক কারবারিকে আটকের দাবি করেছে। বুধবার (২৮ অক্টোবর) ও মঙ্গলবার (২৭ অক্টোবর) শহরের বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।
ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) শেখ হাদিউজ্জামান জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরতলীর তরফ নওয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে শেখ মাসুদ রানার বাড়ির ভাড়াটিয়া ও চিহ্নিত মাদক কারবারি বাপ্পী শেখকে (নওমুসলিম) আটক করা হয়। তিনি মৃত নারায়ণচন্দ্র সাহার ছেলে। পরে তার ঘর তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসআই হাদিউজ্জামান আরও জানান, বাপ্পী শেখের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় আগে থেকেই তিনটি মাদকের মামলা চলমান রয়েছে।
এদিকে, শহরের পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই রাইসুল ইসলাম জানান, গত মঙ্গলবার বিকেলে জাতীয় জরুরি সেবা নম্বর '৯৯৯' থেকে কল পেয়ে শহরের ঘোপ নওয়াপাড়া রোডের একটি পাঁচতলা ভবনের পাশ থেকে দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—শহরের শংকরপুর রামকৃষ্ণ রোড বাবলাতলা এলাকার এস এম আবুল কাশেমের ছেলে এস এম আল মাসুদ (৩০) এবং সিটি কলেজপাড়া ব্যাটারিপট্টি এলাকার সজিব আহমেদের মেয়ে মাহিরা আক্তার মাহি (২০)।
এ সময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় দাবি করে পুলিশ বলছে, আল মাসুদ একজন চিহ্নিত মাদক কারবারি এবং তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় চারটি মামলা রয়েছে। মাহি মাদক কেনাবেচায় তার সহযোগী হিসেবে কাজ করতেন।
পৃথক আরেকটি অভিযানে কোতোয়ালি থানার এসআই তামিম রহমান জানান, গত মঙ্গলবার শহরের পালবাড়ি এলাকার আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের ছয় নম্বর কোয়ার্টারের সামনে থেকে ইকবাল গাজী (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, পৃথক এসব অভিযানে আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।