কালিয়া (নড়াইল) প্রতিনিধি
কালিয়া উপজেলার খাশিয়াল গ্রামে দিনব্যাপী বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ ক্যাম্পে এলাকার খামারিদের গবাদিপশুর বিভিন্ন রোগের চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়।
ভেটেরিনারি চিকিৎসক তীর্থ সরকার ক্যাম্পে গরু, ছাগলসহ বিভিন্ন প্রাণীর স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করেন।
উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. গোলাম ফারুক বলেন, খামারিদের প্রাণিসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি উঠানবৈঠকে লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে করণীয়, রাসায়নিক বা স্টেরয়েড ব্যবহার ব্যতিত গরু হৃষ্টপুষ্টকরণ, তীব্র তাপপ্রবাহে গবাদিপশু ও হাঁস-মুরগির করণীয় বিষয়েও পরামর্শ প্রদান করা হয়।
উপস্থিত খামারিরা জানান, এ ধরনের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প তাদের জন্য অত্যন্ত উপকারী। এতে করে তারা সহজেই চিকিৎসা সেবা পাচ্ছেন এবং খামারের উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় দিকনির্শেনা পাচ্ছেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল মোমিন বলেন, গ্রামপর্যায়ে প্রাণিসম্পদের উন্নয়ন ও খামারিদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।