সুবর্ণভূমি ডেস্ক
ব্রাজিলের গ্রুপ পর্বের তিন ম্যাচই শেষ। এবার অপেক্ষা শেষ ৩২-এর। ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় নকআউটে খেলতে নামবে কার্লো আনচেলত্তির দল। তবে এখনো নিশ্চিত হয়নি শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে ব্রাজিলের প্রতিপক্ষ কোন দল। যদিও এশিয়ার একটি দলই প্রতিপক্ষ হওয়ার সম্ভাবনা বেশি।
‘সি’ গ্রুপে থাকা ব্রাজিল ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ–সেরা হয়েছে। একই গ্রুপের মরক্কোর পয়েন্টও ৭, তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় আফ্রিকান দলটি দ্বিতীয়। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় কিছুটা বাড়তি সুবিধাই পেতে যাচ্ছে ব্রাজিল।
টুর্নামেন্টের সূচি অনুযায়ী, ‘সি’ গ্রুপের শীর্ষ দল দ্বিতীয় রাউন্ডে ‘এফ’ গ্রুপের রানার্সআপের মুখোমুখি হবে। ঠিক এ মুহূর্তে সেই অবস্থানে রয়েছে জাপান। ফলে সবকিছু অপরিবর্তিত থাকলে নকআউটে ব্রাজিলের প্রথম প্রতিপক্ষ হতে পারে এশিয়ার দলটি।
তবে ‘এফ’ গ্রুপের সব দলের একটি করে ম্যাচ বাকি থাকায় নেদারল্যান্ডস বা জাপানও হতে পারে। আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৫টায় জাপান খেলবে সুইডেনের বিপক্ষে, নেদারল্যান্ডস এরই মধ্যে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া তিউনিসিয়ার বিপক্ষে। এই দুটি ম্যাচের পর পয়েন্ট তালিকায় যারা দ্বিতীয়, তারা হবে ব্রাজিলের প্রতিপক্ষ।