যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কমছে হজযাত্রীদের বিমান ভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ২৭ নভেম্বর,২০২৬, ০৮:৫৩ এ এম
কমছে হজযাত্রীদের বিমান ভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের মসজিদগুলোতে কর্মরত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের আর্থিক সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উদ্যোগের আওতায় প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় সেবাকর্মী ভাতা পাবেন বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী ৫৩তম বার্ষিক ও ইসলাহি মাহফিলে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে এসব তথ্য জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় হজযাত্রীদের কথা বিবেচনা করে বিমানভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মসজিদে দায়িত্ব পালনকারীদের জন্য ভাতা চালুর উদ্যোগও প্রধানমন্ত্রীর চিন্তাভাবনা ও সদিচ্ছার প্রতিফলন।

মন্ত্রী বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং আলেম-ওলামাদের কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। হজযাত্রীদের আর্থিক চাপ কমানো থেকে শুরু করে ধর্মীয় অঙ্গনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সহযোগিতা নিশ্চিত করতে সরকার কাজ করছে। ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ভাতা দেওয়ার মাধ্যমে মসজিদের সেবায় নিয়োজিত ব্যক্তিদের আর্থিক সহায়তা করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় মধুপুরের পীর সাহেব হজরত মাওলানা আব্দুল হামিদসহ দেশের আলেম-ওলামাদের জাতীয় শান্তি, স্থিতিশীলতা ও সামগ্রিক কল্যাণ কামনায় দোয়া করার আহ্বান জানান ধর্মমন্ত্রী।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রীর বক্তব্যের বিষয়টি জানানো হয়েছে।

মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার মহাপরিচালক, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হজরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের সভাপতিত্বে মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠান পরিচালনা করছেন মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা উবায়দুল্লাহ কাসেমী।

মাহফিলে বক্তব্য ও বয়ান পেশ করেন সাবেক ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি দিলাওয়ার হোসাইন, মাওলানা হাসান জামিল ও মাওলানা গাজী ইয়াকুব উসমানীসহ দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট আলেমরা।

এতে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)