যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে এক যুগে কমেছে প্রায় ১৫ হাজার পুকুর

বিপর্যয়ের মুখে জনপদ

ফিবছর বাড়ছে জলাবদ্ধতা, আইন থাকলেও প্রয়োগে রকমফের

শাহারুল ইসলাম ফারদিন

, যশোর

প্রকাশ : শুক্রবার, ২৭ নভেম্বর,২০২৬, ১০:০০ এ এম
বিপর্যয়ের মুখে জনপদ

একসময় পুকুর, দীঘি, খাল আর সবুজে ঘেরা ছিল যশোর শহর। বৃষ্টির পানি এসব জলাধারে জমা হতো, গরমে মানুষ পেতো স্বস্তি, পুকুরে মিলতো দেশীয় মাছ। অগ্নিকাণ্ডের সময়ও এসব জলাশয় ছিল পানির অন্যতম উৎস। কিন্তু অপরিকল্পিত নগরায়ণ ও স্থাপনা নির্মাণের চাপে একের পর এক হারিয়ে যাচ্ছে পুকুর-দীঘি। কোথাও বহুতল ভবন, কোথাও বাণিজ্যিক স্থাপনা, আবার কোথাও প্লট তৈরি করে বিক্রি করা হচ্ছে জলাধারের জমি। বেসরকারি তো বটেই, সরকারি প্রতিষ্ঠানও এই আত্মবিধ্বংসী কাজে যুক্ত। ফলে বৃষ্টির পানি ধারণের প্রাকৃতিক জায়গা সংকুচিত হয়ে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার শিকার হচ্ছেন শহরবাসী। সে কারণে প্রতি বর্ষা মৌসুমে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করে।

সরেজমিনে দেখা গেছে, যশোর শহরের নাজির শংকরপুর, চাঁচড়া, আরবপুর, বেজপাড়া, বারান্দিপাড়া ও পুরাতন কসবাসহ বিভিন্ন এলাকায় পুকুর ও জলাশয় ভরাটের প্রবণতা অব্যাহত রয়েছে। নাজির শংকরপুরে শহরের নিচু এলাকার একটি বড় পুকুরে বালু ও মাটি ফেলে ভরাট করেছে স্বয়ং সরকারি কর্তৃপক্ষ। চাঁচড়া ও আরবপুরসহ বিভিন্ন এলাকায়ও পুকুর ভরাট করে আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা নির্মাণের অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ও সমাজসেবামূলক উদ্যোগের সাইনবোর্ড ব্যবহার করে জলাধার ভরাট করা হচ্ছে। কোথাও রাতের আঁধারে, কোথাও আবার প্রকাশ্যেই চলছে মাটি ও বালু ফেলার কাজ। পরে এসব জমি প্লট আকারে বিক্রি করা হচ্ছে।

বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় ভুগতে থাকা এলাকা শহরের নাজির শংকরপুরে সফটওয়্যার টেকনোলজি পার্ক-সংলগ্ন একটি বড় পুকুর ভরাট করে সরকারি উদ্যোগে তিনতলাবিশিষ্ট টায়ার-৩/টায়ার-৪ মানের জাতীয় ডিজাস্টার রিকভারি ডাটা সেন্টার (ডিআরডিসি) নির্মাণ করা হচ্ছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (বিডিসিসিএল) প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটির সম্প্রসারণের ঘোষণা দেওয়া হয়েছিল ২০২৫ সালের আগস্টে। ২০২৬ সালে দরপত্র প্রক্রিয়া শেষে মাঠপর্যায়ের কাজ শুরু হয়।

স্থানীয়দের মতে, এলাকার পানি ধারণের অন্যতম প্রধান ভরসা এই পুকুর। তাদের আশঙ্কা, জলাশয় ভরাট করে বিকল্প পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত না করে ভবন নির্মাণের উদ্যোগ সামান্য বৃষ্টিতেই নাজির শংকরপুর ও আশপাশের এলাকা ব্যাপকভাবে পানিবন্দী হয়ে পড়তে পারে। তাদের প্রশ্ন, জলাধার সংরক্ষণের আইন ও নীতিমালা থাকার পরও সরকারি প্রকল্পের জন্য কেন প্রাকৃতিক জলাধার ভরাট করতে হচ্ছে?

নাজির শংকরপুর এলাকার প্রবীণ বাসিন্দা মোসলেহ উদ্দিন বলেন, ‘এই পুকুরটি আমাদের এলাকার বৃষ্টির পানি ধারণের অন্যতম জায়গা ছিল। আগে ভারী বৃষ্টি হলেও পানি পুকুরে গিয়ে জমা হতো। সেই পুকুরটি ভরাট করা হয়েছে। সরকারিভাবেই যদি বড় পুকুর ভরাট করে ভবন নির্মাণ করা হয়, তাহলে সাধারণ মানুষকে জলাধার সংরক্ষণের কথা বলে লাভ কী? সামনের বর্ষায় শংকরপুর ও বেজপাড়ার মানুষকে বড় দুর্ভোগে পড়তে হবে।’

অন্যদিকে, আরবপুর এলাকার একটি বিশাল দীঘি ভরাট করে প্লট আকারে জমি বিক্রি করা হয় বেশ কয়েক বছর আগে থেকে। সেখানে এখন গড়ে উঠেছে বড় বড় ভবন। দেখে বোঝার উপায় নেই, একসময় এই জায়গায় জনপদের অন্যতম বড় জলাধারটি ছিল।

চাঁচড়া এলাকার বাসিন্দা প্রদীপ বিশ্বাস বলেন, ‘গত কয়েক বছরে আমাদের চোখের সামনে এলাকার অন্তত ১৫ থেকে ২০টি পুকুর ভরাট হয়ে গেছে। ড্রেনগুলোও নিয়মিত পরিষ্কার করা হয় না। পুকুর না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়ক ও বাড়িঘরে পানি জমে। আবার কোথাও আগুন লাগলে আশপাশে পানি পাওয়ারও সমস্যা হয়।’

এক যুগে জেলায় কমেছে প্রায় ১৫ হাজার পুকুর

পুকুর হারানোর চিত্র শুধু শহরেই সীমাবদ্ধ নয়; পুরো জেলাজুড়েই কমছে জলাধার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) যশোর কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০১৪ সালে জেলায় পুকুর ছিল ৫৩ হাজার ৯৪২টি। বর্তমানে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৯ হাজার ১২৯টিতে। অর্থাৎ এক যুগের ব্যবধানে জেলায় পুকুর কমেছে ১৪ হাজার ৮১৩টি।

শহরের জলাধারের অবস্থাও উদ্বেগজনক। বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, যশোর পৌরসভা এলাকায় পৌরসভার নিজস্ব, জেলা প্রশাসনের অধীন ও ব্যক্তি মালিকানাধীন মিলিয়ে ৩২০টি জলাশয় রয়েছে। এর মধ্যে পৌরসভার নামে ছয়টি, জেলা প্রশাসকের নামে ৪০টি এবং ব্যক্তি মালিকানাধীন ২৭৪টি পুকুর। দশ থেকে ১২ বছর আগেও শহরে পুকুরের সংখ্যা ছিল আরও বেশি।

জনউদ্যোগের এক তথ্যে জানা যায়, ২০১৭ সালের এক স্যাটেলাইট জরিপে যশোর শহরে ২২৮ একর আয়তনের ৫৭২টি পুকুর এবং ৪৪ দশমিক ৫ একর আয়তনের ২৩২টি ডোবার অস্তিত্ব পাওয়া যায়। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সংস্থাটি এই তথ্য প্রকাশ করে। পরবর্তী সময়ে এসব জলাশয়ের উল্লেখযোগ্য অংশ হারিয়ে গেছে। হিসাব অনুযায়ী, ওই জরিপে চিহ্নিত জলাশয়ের প্রায় এক-তৃতীয়াংশ বিলীন হয়েছে।

গত এক থেকে দেড় দশকে শহরের বহু পরিচিত জলাধার অস্তিত্ব হারিয়েছে। এর মধ্যে রয়েছে যশোর প্রধান ডাকঘরের সামনের পুকুর, রেলগেটের চোরমারা দীঘি, নিরালা সিনেমা হলের পাশের পুকুর, বেজপাড়ার শ্রীধর পুকুর, আরবপুরের বড় পুকুর, দেশবন্ধু চিত্তরঞ্জন সড়কে ইসমাইল ডাক্তারের বাড়ির পেছনের দীঘি, ইসলামিয়া স্কুলের পুকুর, পুরাতন কসবার আবু তালেব সড়কের পুকুর, গোহাটা পুকুর, মুন্সীবাড়ি পুকুর, নিরিবিলি পুকুর, রাজুদের পুকুর, আয়নাল খাঁর পুকুর, জব্বার বিহারির পুকুর, রাজবাড়ি বিদ্যুৎ অফিসের সামনের পুকুর, ষষ্ঠিতলাপাড়ায় প্রয়াত খালেদুর রহমান টিটোর বাড়ির সামনের পুকুর, খালধার সড়কের পুকুর, পুলিশ সুপারের কার্যালয়ের পুকুর ও পুলিশ লাইনের পুকুর। এসব জলাধারের কোনোটি ভরাট করে বহুতল ভবন, কোনোটি বসতবাড়ি, আবার কোনোটি প্লটে রূপান্তর করা হয়েছে।

হুমকিতে কৃষিজমি ও হরিণার বিল

পুকুর-জলাশয়ের পাশাপাশি যশোরের কৃষিজমি ও নিম্নভূমিও ভরাট হচ্ছে। এর মধ্যে শহরের পানি নিষ্কাশনের সঙ্গে গুরুত্বপূর্ণভাবে যুক্ত হরিণার বিল অন্যতম। বিলটি যশোরের অন্যতম শস্যভান্ডার হিসেবে পরিচিত। জনউদ্যোগ বলেছে, বিল হরিণার আয়তন ৫০৭ হেক্টর। এর মধ্যে প্রায় ৪৮৫ হেক্টর জমি আবাদযোগ্য। সদর উপজেলার চাঁচড়া ও রামনগর ইউনিয়নজুড়ে বিস্তৃত এই বিলে বর্ষা মৌসুমে পানি জমে। এ সময় দেশীয় মাছের পাশাপাশি ধান, শাকসবজি ও বিভিন্ন ফসলের আবাদ হয়। স্থানীয় অনেক মানুষ মাছ ধরে জীবিকাও নির্বাহ করেন।

স্থানীয়দের অভিযোগ, বিলের শংকরপুর মেডিকেল কলেজ এলাকা, ভাতুড়িয়া ও মাহিদিয়া সড়কের বিভিন্ন স্থানে জমি ভরাট করে আবাসন প্রকল্প গড়ে তোলা হচ্ছে। মেডিকেল কলেজ এলাকায় স্থানীয় একটি সিন্ডিকেট জমি মালিকদেরকে ভুল বুঝিয়ে দীর্ঘদিন ফসলি জমি কেনা-বেচার ব্যবসা করে আসছে। এসব এলাকায় বসতিসহ অন্যান্য অনেক স্থাপনাও গড়ে উঠেছে। এতে বিলের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। কোথাও কোথাও কৃষিজমির শ্রেণি পরিবর্তন করে আবাসিক প্লট তৈরির কাজ চলছে। মাটি পরিবহনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কও।

জেলা জনউদ্যোগের কর্মকর্তা শ্রাবণী সুর বলেন, ‘বৃষ্টি হলেই যশোর পানিতে ডুবে যাচ্ছে। অথচ শহরের বিশিষ্ট নাগরিক হারুন অর রশীদ বলেন, ‘ব্রিটিশ আমলে যশোরকে গার্ডেন সিটি বলা হতো। প্রশস্ত রাস্তার দুই পাশে ছিল প্রশস্ত ড্রেন। কিন্তু গত ২০ বছরে প্রথমে ব্যক্তিগত পুকুর ভরাট হয়েছে, এখন সরকারি পুকুর ও প্রাচীন দীঘিও ভরাট করা হচ্ছে। শহরের পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও জলাশয় ভরাট চলছে। পরিবেশব্যবস্থা ধ্বংস হলে মানুষের বেঁচে থাকার পথই সংকুচিত হবে।’

পরিবেশ ও জীববৈচিত্র্যে বিরূপ প্রভাব

জলাধার হারানোর প্রভাব পড়ছে পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপরও। পুকুর, খাল ও ডোবা কমে যাওয়ায় দেশীয় মাছের আবাসস্থল সংকুচিত হচ্ছে। একই সঙ্গে বৃষ্টির পানি মাটিতে প্রবেশের সুযোগ কমে যাওয়ায় ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ বাধাগ্রস্ত হচ্ছে। গ্রীষ্মকালে পানির স্তর দ্রুত নিচে নেমে যাওয়ার আশঙ্কাও বাড়ছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যশোর জেলা সভাপতি অধ্যক্ষ পাভেল চৌধুরী বলেন, ‘একটি শহরের পরিবেশের ভারসাম্য রক্ষায় অন্তত ২৫ শতাংশ সবুজায়ন থাকা প্রয়োজন। অথচ যশোরে সবুজায়নের পরিমাণ মাত্র ৭ শতাংশ। এর মধ্যে প্রভাবশালী মহল পেশিশক্তি ব্যবহার করে খাল, নালা, পুকুর, জলাশয় ও নিম্নভূমি দখল-ভরাট করছে। সেখানে গড়ে উঠছে বহুতল ভবন। এভাবে যশোর ক্রমেই ইট-পাথরের শহরে পরিণত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘জলাধার না থাকায় জরুরি পরিস্থিতিতেও সমস্যা তৈরি হচ্ছে। কোথাও আগুন লাগলে দ্রুত পানি পাওয়া যায় না। ফায়ার সার্ভিসকে দূর থেকে পানি আনতে হয়। জলাধার রক্ষা না করলে ভবিষ্যতে পরিস্থিতি আরও কঠিন হবে।’

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুস সালাম বলেন, পুকুর, খাল, ডোবা ও নালা ভরাট হয়ে যাওয়ায় অগ্নিকাণ্ডের সময় পানির উৎস খুঁজে পেতে ফায়ার সার্ভিসকে সমস্যায় পড়তে হয়। অনেক ক্ষেত্রে দূরবর্তী উৎস থেকে পানি সংগ্রহ করতে গিয়ে আগুন নিয়ন্ত্রণে বেশি সময় লাগে। এতে প্রাণহানি ও সম্পদের ক্ষতির ঝুঁকি বাড়ে।

তিনি বলেন, যশোর শহরকে অগ্নিঝুঁকি থেকে নিরাপদ রাখতে পানির রিজার্ভ ব্যবস্থা বাড়ানোর পাশাপাশি বিদ্যমান পুকুরগুলো সংরক্ষণ ও সংস্কার করতে হবে। প্রয়োজনে নতুন জলাধারও তৈরি করা দরকার।

আইন থাকলেও কার্যকর নজরদারি নিয়ে প্রশ্ন

প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০ অনুযায়ী, নির্ধারিত জলাধারের শ্রেণি পরিবর্তন করে অন্য কাজে ব্যবহার বা ভরাট করা নিষিদ্ধ। আইন অমান্য করে জলাধার ভরাটের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। সরকারি প্রকল্পের ক্ষেত্রেও আইন ও অনুমোদন অনুসরণ করতে হয়। কিন্তু শহরে একের পর এক জলাধার হারিয়ে গেলেও সেগুলো রক্ষায় কার্যকর নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে।

জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আতাউর রহমান বলেন, ‘যেসব জলাশয় সরকারি নথিতে পুকুর হিসেবে রয়েছে, সেগুলো ভরাটের অভিযোগ পাওয়া গেলে জেলা প্রশাসনের সহযোগিতায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে মামলা ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে।’

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, জলাশয় ভরাট বন্ধে ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারদের (ভূমি) নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজন হলে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। যেসব জলাশয় ভরাট করা হয়েছে, সেগুলোর ক্ষেত্রে অবৈধভাবে স্থাপনা নির্মাণ ঠেকাতে নামজারি সংশোধনের উদ্যোগও নেওয়া হচ্ছে। জলাধার সংরক্ষণে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। আইন অমান্য করে কেউ জলাশয় ভরাট করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

একসময় যে শহরের পরিচয় ছিল পুকুর, দীঘি, খাল আর সবুজে, সেই যশোর এখন ক্রমেই হারাচ্ছে তার প্রাকৃতিক জলাধার। উন্নয়নের নামে পানি ধারণের জায়গা সংকুচিত হওয়ার এই প্রবণতা অব্যাহত থাকলে জলাবদ্ধতা, পরিবেশ বিপর্যয় ও অগ্নিঝুঁকি- সবকিছুই বাড়বে। শহরবাসীর আশঙ্কা, এখনই কার্যকর উদ্যোগ না নিলে আগামী দিনে সামান্য বৃষ্টিই যশোর শহরের জন্য বড় দুর্ভোগের কারণ হয়ে উঠবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)