রাব্বি আল-আমিন
, যশোর
চার দশকের জলাবদ্ধতা থেকে মুক্তির অপেক্ষায় থাকা ভবদহ অঞ্চলের মানুষের সামনে এসেছে ৩০০ কোটি টাকার একটি প্রস্তাবিত সেচ প্রকল্প। তবে এই প্রকল্পের মাধ্যমে জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক।
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতা ও স্থানীয় বাসিন্দারা বলছেন, সেচ প্রকল্প নয়, নদী খনন, খাল সংস্কার এবং বিলে বিলে টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) চালু করলেই মিলবে স্থায়ী সমাধান। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কর্মকর্তারা বলছেন, চলমান খননকাজ ও প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়িত হলে পানি নিষ্কাশন এবং কৃষি উৎপাদনে সুফল পাওয়া যাবে।
প্রকল্পটির বাস্তবতা ও মাঠপর্যায়ের অবস্থা পরিদর্শনে শনিবার ভবদহ এলাকায় আসছেন সরকারের তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী।
যশোরের অভয়নগর, মণিরামপুর ও কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে ভবদহ অঞ্চল গঠিত। প্রায় ৩৩০ বর্গকিলোমিটার এলাকার তিন লাখ মানুষ চার দশক ধরে জলাবদ্ধতার দুর্ভোগ পোহাচ্ছেন। গত দুই বছরের ভারী বর্ষণে তিন উপজেলার প্রায় ৩০০ গ্রাম প্লাবিত হয়েছে। ডুবে নষ্ট হয়েছে হাজার হাজার হেক্টর ফসলি জমি ও মাছের ঘের। ব্যাহত হয়েছে প্রায় দেড় শ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম।
১৯৬১ সালে জলাবদ্ধতা নিরসনে পাঁচটি স্থানে ৪৪টি স্লুইসগেট নির্মাণ করা হয়। বর্তমানে ভবদহ স্লুইসগেটের ৩০টি কপাটের মধ্যে ২৬টিই খোলা রয়েছে। কিন্তু নদীতে পলি জমে নাব্য কমে যাওয়ায় আশানুরূপ পানি নিষ্কাশন হচ্ছে না। নাব্য হারিয়েছে মুক্তেশ্বরী, শ্রীহরি ও টেকা নদী। একসময় ২৭টি বিলের পানি এসব নদী দিয়ে নিষ্কাশিত হলেও নদীর প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় সামান্য বৃষ্টিতেই প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ জনপদ।
ভবদহের জলাবদ্ধতা নিরসনে গত চার দশকে ২১টির বেশি প্রকল্প নেওয়া হয়েছে। খাল খনন, নদী সংস্কার ও পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়নে ব্যয় হয়েছে হাজার কোটি টাকা। কিন্তু প্রকল্পের পর প্রকল্প বাস্তবায়িত হলেও স্থায়ী সমাধান আসেনি। সামান্য বৃষ্টিতেই পানিবন্দী হয়ে পড়েন শতাধিক গ্রামের মানুষ।
এ অবস্থায় যশোর, খুলনা ও সাতক্ষীরার পাঁচ উপজেলার দশ লাখের বেশি মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ২৪ অক্টোবর সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছয়টি নদীর ৮১ দশমিক ৫ কিলোমিটার পুনঃখননের কাজ শুরু হয়। এতে ব্যয় ধরা হয়েছে ১৪০ কোটি টাকা। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, আগামী বছরের জুনে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা।
অন্যদিকে বিএডিসির উদ্যোগে ‘বৃহত্তর যশোর জেলা জলাবদ্ধতা নিরসন ও সেচ এলাকা উন্নয়ন’ নামে ৩০০ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। এর আওতায় বৃহত্তর যশোরের চার জেলার পানি নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নয়ন করা হবে। প্রকল্পে ভবদহ এলাকার জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪৬ কোটি টাকা। প্রকল্পটির বাস্তবতা যাচাই করতে আজ সংশ্লিষ্ট মন্ত্রীরা এলাকা পরিদর্শন করবেন।
পরিদর্শনকারী মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা হলেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সেচ প্রকল্প বাতিলের দাবি আন্দোলনকারীদের
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতাদের দাবি, এ অঞ্চলের প্রায় ১৩০ কিলোমিটার নদী ও খাল পলি জমে ভরাট হয়ে গেছে। ৬০টির বেশি বিল ও জনপদ জলাবদ্ধতার শিকার। শীতকালেও অন্তত ১৫টি গ্রামে পানি জমে রয়েছে। তাদের মতে, সেচ প্রকল্পের মাধ্যমে ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব নয়। ২০২০ সাল থেকে বৈদ্যুতিক সেচযন্ত্র বসিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা করা হলেও কোটি কোটি টাকা ব্যয়ের বিপরীতে প্রত্যাশিত সুফল পাওয়া যায়নি। বরং পলি জমে নদী ভরাট হওয়ার কারণে জনদুর্ভোগ বেড়েছে।
আন্দোলনকারীরা ১৯৯০ সালে বিল ডাকাতিয়া, ১৯৯৭ সালে জনগণের উদ্যোগে বিল ভায়না এবং ২০০০ সালে বিল কেদারিয়া ও ২০০৬ সালে বিল খুকশিয়ায় টিআরএম বাস্তবায়নের উদাহরণ তুলে ধরছেন। তাদের দাবি, চলমান নদী খনন ও স্লুইসগেট সচল রাখার পাশাপাশি বিলভিত্তিক টিআরএম চালু করতে হবে। এরই মধ্যে বিএডিসির প্রস্তাবিত সেচ প্রকল্প বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা।
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, বিএডিসি বৃহত্তর যশোরের বিভিন্ন জেলা নিয়ে যে প্রকল্প প্রস্তাব করেছে, অতীতে এ ধরনের সেচ প্রকল্পের কারণে ওই অঞ্চলের জনপদ বিপর্যস্ত হয়েছে। ভবদহের নাম ব্যবহার করে এমন একটি প্রকল্প গ্রহণের উদ্যোগকে তিনি প্রতারণা বলে উল্লেখ করেন।
তিনি বলেন, গত ১৬ মে যশোর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় কর্মশালায় ক্ষতিগ্রস্ত এলাকার ২০০ প্রতিনিধি অংশ নেন। সেখানে বিল কপালিয়াসহ সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন বিলে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি টিআরএম বাস্তবায়নের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পরবর্তী সময়ে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) ওই প্রস্তাবের ভিত্তিতে সেপ্টেম্বরে পানি উন্নয়ন বোর্ডের কাছে একটি প্রস্তাব জমা দেয়।
ইকবাল কবির জাহিদ বলেন, চলমান নদী খনন ও টিআরএমভিত্তিক পরিকল্পনার মধ্যে বিএডিসির নতুন প্রকল্পের উদ্যোগ অশুভ তৎপরতা। অতীতের অভিজ্ঞতায় এ ধরনের প্রকল্পে দুর্নীতি ও লুটপাটের আশঙ্কা রয়েছে। প্রস্তাবিত প্রকল্প বাতিল করে ১৬ মে জাতীয় কর্মশালায় গৃহীত প্রস্তাবের ভিত্তিতে নদী খনন, খাল সংস্কার ও টিআরএম বাস্তবায়নের দাবি জানান তিনি। তার হুঁশিয়ারি, দাবি উপেক্ষা করে প্রকল্পটি গ্রহণ করা হলে সংশ্লিষ্ট এলাকার মানুষ সংগঠিতভাবে তা প্রতিরোধ করবে।
সংগ্রাম কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজী আব্দুল হামিদ বলেন, ১৪০ কোটি টাকা ব্যয়ে নদী খনন করা হলেও এতে কোনো বিলের পানি পুরোপুরি নিষ্কাশিত হবে না। অথচ ভায়না, কেদারিয়া, পূর্ববিল ও খুকশিসহ বিভিন্ন বিলে টিআরএম চালুর ফলে বিলের তলা পর্যন্ত শুকিয়ে গিয়েছিল এবং সেখানে ফসল উৎপাদন সম্ভব হয়েছিল। এ অভিজ্ঞতা থেকেই তিনি মনে করেন, ভবদহের জলাবদ্ধতা নিরসনে টিআরএম-ই সবচেয়ে কার্যকর পদ্ধতি।
তিনি আরও বলেন, অতীতে সেচ কার্যক্রম চলাকালে সেচের পানি আশপাশের জনপদে ছড়িয়ে পড়েছিল। এ কারণে স্থানীয় বাসিন্দারা পাম্প বন্ধ করে দিতে বাধ্য হন। নদীর নাব্য না থাকলে পাম্পের পানি নিষ্কাশনের পথও থাকবে না। মাঘী পূর্ণিমার পর নদীতে নতুন করে পলি জমতে শুরু করলে চলমান ১৪০ কোটি টাকার খনন প্রকল্পের সুফল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
গাজী আব্দুল হামিদ বলেন, মাঘী পূর্ণিমার আগেই প্রস্তাবিত দামুখালী বিলে টিআরএম বাস্তবায়ন করতে হবে। আগামী জানুয়ারি থেকে আমডাঙ্গা খালের কাজ শুরু না হলে স্থানীয় মানুষ সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচিতে যেতে পারেন বলেও তিনি হুঁশিয়ারি দেন।
টিআরএম ছাড়া বিকল্প দেখছেন না স্থানীয়রা
অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিকাশচন্দ্র মল্লিক বলেন, আগের তুলনায় এবার এলাকায় কিছুটা পানি কমেছে। তবে মানুষের স্বাভাবিক জীবনযাপনের পরিবেশ এখনো ফেরেনি। নদী পুরোপুরি খনন না হওয়ায় জলাবদ্ধতার স্থায়ী সমাধান হয়নি।
তিনি বলেন, নদী খননের পর মাঘী পূর্ণিমা থেকে জোয়ারের সঙ্গে আবার পলি জমতে শুরু করবে। কিন্তু টিআরএম চালু করলে নদীর পলি বিলে জমা হওয়ার সুযোগ তৈরি হবে। এতে নদীর নাব্য রক্ষা পাবে এবং দীর্ঘদিন জলাবদ্ধতার ঝুঁকি কমবে। তার মতে, ভবদহের মানুষের বেঁচে থাকার স্বার্থেই টিআরএম বাস্তবায়ন জরুরি।
অভয়নগরের পায়রা ইউনিয়নের বাসিন্দা ফিরোজ আলম বলেন, বর্তমানে নদী ও বিলে প্রচুর পানি রয়েছে। আগামী দুই মাসের মধ্যে পানি নিষ্কাশন করা না গেলে বিলে ফসল উৎপাদন ব্যাহত হবে। নদী খননের পাশাপাশি দ্রুত কোনো একটি বিলে টিআরএম চালু না করলে নতুন করে পলি জমে নদী ভরাট হয়ে যাবে। এতে সেচের পানি লোকালয়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
সমন্বিত উদ্যোগে সুফল পাওয়ার আশা পাউবোর
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলমান পানি নিষ্কাশন কার্যক্রমে ইতিমধ্যে কিছুটা সুফল পাওয়া গেছে। পানি কমে যাওয়ায় কোথাও কোথাও দীর্ঘদিন পর ধান চাষও সম্ভব হয়েছে। আগামী জানুয়ারি থেকে আমডাঙ্গা খালের স্থায়ী সংস্কারকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।
যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি বলেন, ২০২৪ সালে ভবদহে জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করলে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে ষাটের দশকে নির্মিত দীর্ঘদিন ধরে অকার্যকর থাকা রেগুলেটরগুলো মেরামত করা হচ্ছে। সেনাবাহিনীর মাধ্যমে নদী পুনঃখননের পাশাপাশি বিলের সঙ্গে নদীর সংযোগকারী অভ্যন্তরীণ খালগুলোও পুনঃখনন করা হয়েছে।
তিনি বলেন, এবারের পরিস্থিতিতে ভবদহের মানুষ পুরোপুরি স্বস্তি না পেলেও আগের বছরগুলোর তুলনায় অনেকটাই ভালো আছেন। এর প্রতিফলন দেখা গেছে আমন ধান উৎপাদনে। কেশবপুর, মণিরামপুর ও অভয়নগর উপজেলায় এবার প্রায় সাড়ে ১৭ কোটি টাকার বাড়তি ফসল উৎপাদন হয়েছে।
পলাশ কুমার ব্যানার্জি বলেন, নদীতে পলি জমার হার বেশি হওয়ায় পুনঃখননের পরও দ্রুত নাব্য কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি তাদের বিবেচনায় আছে। চলমান অভ্যন্তরীণ নিষ্কাশন খাল ও নদী পুনঃখননের কাজ ২০২৭ সালের জুনের মধ্যে শেষ করার আশা করছেন তারা। একই সঙ্গে আমডাঙ্গা খালের স্থায়ী সংস্কারকাজ আগামী জানুয়ারিতে শুরু করে জুনের মধ্যে একটি পর্যায়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এসব সমন্বিত উদ্যোগ বাস্তবায়িত হলে আগামী বছর ভবদহের মানুষ আরও বেশি স্বস্তি পাবেন বলে আশা তার।
জলাবদ্ধতা নিরসনই প্রকল্পের মূল লক্ষ্য নয়: বিএডিসি
বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সেচ) আব্দুল্লাহ আল রশিদ বলেন, ‘যশোর জেলা জলাবদ্ধতা নিরসন ও সেচ এলাকা উন্নয়ন’ নামে একটি প্রকল্প গ্রহণের প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটির বাস্তবতা যাচাই এবং কৃষকদের সম্ভাব্য লাভ ও জলাবদ্ধতা নিরসনে এর ভূমিকা সরেজমিনে দেখতে মন্ত্রীরা ভবদহ এলাকা পরিদর্শন করবেন।
তিনি বলেন, প্রস্তাবিত প্রকল্পটি মূলত ভবদহের দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা নিরসনের প্রকল্প নয়। বর্ষা শেষে শীতের শুরুতে কৃষকেরা ছোট ছোট পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন করে চাষাবাদ করেন। অনেক সময় তারা এতে সফল হন, আবার কখনো ব্যর্থ হন। বিএডিসি উচ্চক্ষমতাসম্পন্ন পাম্প ও সংযোগ খাল খননের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে চায়, যাতে কৃষকেরা সহজে ফসল উৎপাদন ও মাছ চাষ করতে পারেন। এতে তাদের শ্রম ও খরচ কমবে।
আব্দুল্লাহ আল রশিদ বলেন, প্রকল্পটি শুধু ভবদহের জন্য নয়; যশোর, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহ—এই চার জেলার জন্য প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ভবদহ এলাকায় ৪৬ কোটি টাকার কাজ করার পরিকল্পনা রয়েছে। বাকি অর্থ অন্যান্য এলাকার বিভিন্ন উন্নয়নকাজে ব্যয় করা হবে। স্থানীয়দের সঙ্গে তাদের উদ্যোগের কোনো বিরোধ নেই বলেও দাবি করেন তিনি।
দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি ভবদহবাসীর প্রধান প্রত্যাশা। তবে ৩০০ কোটি টাকার প্রস্তাবিত সেচ প্রকল্প, চলমান নদী খনন এবং টিআরএম-এই তিন উদ্যোগের মধ্যে কোনটি কীভাবে বাস্তবায়িত হবে, তার ওপরই নির্ভর করছে অঞ্চলটির ভবিষ্যৎ।
স্থানীয়দের দাবি, প্রকল্প গ্রহণের পাশাপাশি নদী ও খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে এনে বিলভিত্তিক টিআরএম বাস্তবায়ন করতে হবে।