সম্পাদকীয়
সারাদেশে আবারও শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। এটি নিঃসন্দেহে একটি সময়োপযোগী উদ্যোগ। তবে এই ক্যাম্পেইনের প্রয়োজনীয়তা একবারেই নতুন করে তৈরি হয়নি; বরং এটি গত কয়েক বছরে টিকা ব্যবস্থাপনার পতনেরই প্রতিফলন।
একসময় বাংলাদেশ হামমুক্ত হওয়ার পথে ছিল। সরকারি ও বেসরকারি তথ্যমতে, টানা টিকাদান কর্মসূচির ফলে দেশের ৯০ শতাংশের বেশি শিশু হামের টিকার আওতায় আসায় রোগটি প্রায় নির্মূলের পর্যায়ে পৌঁছেছিল। এটি ছিল আমাদের স্বাস্থ্য খাতের এক বড় সাফল্য।
কিন্তু সাম্প্রতিক ইতিহাস দুঃখজনক। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় পদ্ধতিগত জটিলতা ও দীর্ঘসূত্রতার কারণে দুই বছর ধরে হাম-রুবেলার টিকা আমদানি বন্ধ ছিল। ফলে ক্যাম্পেইন ব্যাহত হয়, যে ফাঁকে বিলুপ্তপ্রায় হাম রোগটি আবার ফিরে এসে বেশকিছু শিশুর প্রাণ কেড়েও নেয়। এর ফলে শিশুরা ঝুঁকির মুখে পড়ে। অনেক অভিভাবক হতাশ হয়ে পড়েন, কারণ তারা সন্তানকে টিকা দেওয়ার জন্য সরকারি স্বাস্থ্যকেন্দ্রে গেলেও টিকার অভাবে ফিরে আসতেন।
বর্তমান প্রধানমন্ত্রী পূর্ববর্তী সরকারের এই ব্যর্থতাকে ‘গুরুতর অপরাধ’ হিসেবে আখ্যায়িত করেছেন। এ উপলব্ধি থেকে বর্তমান সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে সারাদেশে পুনরায় টিকাদান ক্যাম্পেইন চালু করেছে। এটি প্রশংসার দাবিদার।
তবে প্রশ্ন হলো, শুধুই কি ক্যাম্পেইন যথেষ্ট? হাম নির্মূলে দরকার সুদীর্ঘমেয়াদি পরিকল্পনা, টিকার সরবরাহের ধারাবাহিকতা রক্ষা এবং প্রশাসনিক জটিলতা দূর করা। অন্তর্বর্তী সরকারের আমলে টিকা আমদানি যে কারণে বন্ধ হয়ে যায়, তা অনুসন্ধান করে সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া দরকার। টিকা শিশুর জীবন ও জনস্বাস্থ্যের প্রশ্ন। এখানে রাজনৈতিক বা প্রশাসনিক দোদুল্যমানতার স্থান নেই।
এখন আমাদের দাবি, টিকাদান কর্মসূচি যেন আর কখনও ব্যাহত না হয়, সে জন্য প্রাতিষ্ঠানিক স্থায়ী ব্যবস্থা গড়ে তুলুন। টিকার আমদানি, বিতরণ ও ক্যাম্পেইনের মাঝে যদি কোনো গ্যাপ থাকে, তা দূর করতে হবে। পাশাপাশি গণসচেতনতা বাড়াতে হবে, যাতে কেউ টিকা নিয়ে কিছু ব্যক্তির ছড়ানো বিভ্রান্তিতে না পড়েন।
আমরা আশা রাখি, বর্তমান ক্যাম্পেইনের ধারাবাহিকতায় আগামী কয়েক বছরের মধ্যেই বাংলাদেশ আবার হামের প্রাদুর্ভাবমুক্ত হতে পারবে। কিন্তু সেই যাত্রা সফল হবে কেবলমাত্র তখনই, যদি ভবিষ্যতে কোনো ‘পদ্ধতিগত জটিলতা’ শিশুদের টিকার অভাবে ফেলতে না পারে।
সতর্ক থাকুক স্বাস্থ্য মন্ত্রণালয়, জাগ্রত থাকুক জনমত। টিকা দেওয়া মানে ভবিষ্যৎ রক্ষা করা।