সুবর্ণভূমি ডেস্ক
মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের রায় আজ হচ্ছে না। রাষ্ট্রপক্ষের আবেদনে রায় ঘোষণার জন্য আগামী ৩১ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার সকালে রাষ্ট্রপক্ষের আবেদনের পর রায় ঘোষণা পিছিয়ে ৩১ আগস্ট নির্ধারণ করা হয়।
এর আগে সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন ধার্য করেছিলেন।
আদালতে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক উপস্থিত ছিলেন।
গত বছরের ৫ মার্চ রাতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি যৌন নির্যাতনের শিকার হয় বলে মামলায় অভিযোগ করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আট বছর বয়সী শিশুটির মৃত্যু হয়।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে।