✍️মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম (৪৫), শ্যামকুড় ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসান (৫০), এসবিকে ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মনিরুল ইসলাম ওরফে লাভলু (৬০) এবং বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ইমদাদুল হক (৫৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ দায়ের করা একটি মামলায় (মামলা নম্বর-১৬, জিআর নম্বর-৯৪) তাদের গ্রেপ্তার করা হয়েছে। দণ্ডবিধির ৪৩৬ ও ৪২৭ ধারায় মামলাটি নথিভুক্ত রয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) তাদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।