খুলনা প্রতিনিধি
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাতে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নিরাপত্তা শাখার সুপারভাইজার আলমগীর কবির বিশ্বাস বাদী হয়ে এই মামলাটি করেন।
এদিকে, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ এবং এর মালিক আলী অপিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার রাতে নগরীর মুসলমানপাড়া এলাকা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। আলী অপি নগরীর অগ্রণী ব্যাংক কলোনির বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার (১৫ নভেম্বর) রাতে মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা কেসিসির মূল ফটকের সিঁড়ির ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে সিঁড়ির ওপর কাঠ বা কাগজের মতো দাহ্য কোনো বস্তু না থাকায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, কেসিসির নিরাপত্তা শাখার সুপারভাইজার বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা করেছেন। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক হিসেবে আলী অপিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে আনা হয়েছে। তবে ঘটনাস্থলে তিনি নিজে উপস্থিত ছিলেন কি না বা তার কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না, সে বিষয়টি এখনো যাচাই-বাছাই ও তদন্ত করা হচ্ছে।
পুলিশ সূত্রে আরও জানানো হয়, এটি কোনো একক ব্যক্তির কাজ নয়; বরং একটি পরিকল্পিত ঘটনার অংশ। বোমা নিক্ষেপকারী, পরিকল্পনাকারী এবং বিস্ফোরক সরবরাহকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের স্বার্থে তদন্তের স্বার্থে গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। হেফাজতে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনায় জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।