যশোর, বাংলাদেশ || বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় মানিকলাল হত্যার লোমহর্ষক বর্ণনা

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৫:৫৩ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৭:২৫ পিএম
মাগুরায় মানিকলাল হত্যার লোমহর্ষক বর্ণনা

মাগুরা সদর উপজেলার হাসপাতালপাড়ার (ডোমপাড়া) বাসিন্দা মানিকলাল ডোম (৩৫) হত্যা মামলার প্রায় পাঁচ বছর পর রহস্য উদ্‌ঘাটন করতে পারার দাবি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পুলিশের ভাষ্য, এই ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দী এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে।

অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন মাগুরা সদর এলাকার মেহেদী হাসান ওরফে আকাশ (৩০), লিয়াকত আলী ওরফে ঝন্টু (৬৯), শিকল সাঁই ওরফে লিটন পাগলা ওরফে রুবেল (৪০), নিহতের বড় ভাই হীরালাল ডোম (৫০) এবং নিরঞ্জন কুমার দাস ওরফে ডাক্তার (৪৩)।

মামলার এজাহার ও সিআইডি সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৯ জুন রাত আনুমানিক ১১টার দিকে মানিকলাল ডোম তার ছোট ছেলে সান বাবুকে (৯) নিয়ে বসতঘরের শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন। পরদিন ৩০ জুন ভোর ৪টার দিকে ছেলের ঘুম ভাঙলে সে ঘরের মেঝেতে বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে মানিক লালের গলাকাটা মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ এবং বাড়ির পাশের একটি সরু গলিতে কলাগাছের নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী আশারানি বাদী হয়ে ১ জুলাই মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা (নম্বর-১) দায়ের করেন।

প্রথমে মামলাটি সদর থানা পুলিশ তদন্ত করে। পরে ২০২২ সালের ১২ জানুয়ারি পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তর করা হয়। পিবিআই ঝিনাইদহের তদন্ত কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে ২০২৫ সালের ৭ মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। তবে প্রতিবেদনটি পর্যালোচনা শেষে আদালত স্বপ্রণোদিত হয়ে ২০২৫ সালের ২৬ অক্টোবর অধিকতর তদন্তের নির্দেশ দেন। এরপর মামলাটির তদন্তভার সিআইডি মাগুরার কাছে আসে।

সিআইডি মাগুরার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমানের নেতৃত্বে একটি দল মামলাটি আবার তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে ২০২৬ সালের ২৮ এপ্রিল মাগুরা শহরের পুরাতন মাছবাজার এলাকা থেকে সন্দেহভাজন আসামি মেহেদী হাসান ওরফে আকাশকে গ্রেপ্তার করা হয়। আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে লিয়াকত আলী ওরফে ঝন্টু ও শিকল সাঁইসহ অন্যদের নাম প্রকাশ করেন।

এরপর ওই দিনই অভিযান চালিয়ে মাগুরা সদর উপজেলার আবালপুর এলাকা থেকে লিয়াকত আলীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ২০২৬ সালের ১৫ জুলাই র‍্যাব-৪ এর সহযোগিতায় ঢাকার শাহ আলী মাজার এলাকা থেকে শিকল সাঁইজিকে গ্রেপ্তার করে সিআইডি। আদালতে দেওয়া তার জবানবন্দীর ভিত্তিতে মাগুরা সদর এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হীরালাল ডোম ও নিরঞ্জন কুমার দাসকে গ্রেপ্তার করা হয়।

সিআইডি বলছে, তাদের তদন্তে উঠে এসেছে, পারিবারিক সম্পত্তি ও পেনশনের টাকা আত্মসাৎকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়। নিহত মানিকলাল ও অভিযুক্ত হীরালালের বাবা-মা সরকারি পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। তাদের মৃত্যুর পর পেনশনের টাকা হীরালাল একাই আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া রেড ক্রিসেন্টের সঙ্গে সংশ্লিষ্ট জমিজমা নিয়ে মানিকলালের সঙ্গে তার বড় ভাই হীরালালের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অন্যদিকে, মাদক কেনাবেচা ও সেবনসহ বিভিন্ন বিষয় নিয়ে মানিকলালের সঙ্গে লিয়াকত আলী, নিরঞ্জন কুমার দাস ও শিকল সাঁইজির বিরোধ ছিল।

তদন্ত অনুযায়ী, এসব বিরোধের জেরে হীরালাল ডোম তার ছোট ভাইকে হত্যার পরিকল্পনা করেন এবং বাকিদের এই কাজে যুক্ত করেন। হত্যাকাণ্ডে ব্যবহারের জন্য হীরালাল একটি ধারালো দা সরবরাহ করেন। পরিকল্পনা অনুযায়ী ২০২১ সালের ৩০ জুন ভোর ৪টার দিকে মানিকলালের ঘরে ঢোকেন আকাশ, লিয়াকত আলী, নিরঞ্জন কুমার দাস ও শিকল সাঁই । ওই সময় মানিকলালের পা চেপে ধরেন আকাশ, শিকল সাঁই। নিরঞ্জন তার হাত ও বুক চেপে ধরেন এবং লিয়াকত আলী মুখ চেপে ধরে বিছানা থেকে মেঝেতে নামিয়ে আনেন। পরে লিয়াকত আলী ধারালো দা দিয়ে গলা কেটে তাকে হত্যা করেন।

সিআইডি জানায়, তদন্ত কার্যক্রম শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমোদনে ওই পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)