অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে ট্রাক থেকে ৩০০ বস্তা সরকারি ইউরিয়া সার, ২০০ লিটার জ্বালানি তেল ও দুটি ত্রিপল চুরির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে মেসার্স উত্তরা কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক (ম্যানেজার) মো. সুরুজ হোসেন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, সোমবার (১৬ নভেম্বর) বিকেলে ‘ইস্টার ওয়ান শিপিং প্রাইভেট লিমিটেড’ কোম্পানির জাহাজ থেকে মেসার্স অভয়নগর ট্রান্সপোর্টের মাধ্যমে উত্তরা কর্পোরেশনের একটি ট্রাকে (যশোর-ট-১১-৪৭৬৫) ৩০০ বস্তা সরকারি ইউরিয়া সার বোঝাই করা হয়। সারগুলো যশোর বাফার গুদামে পৌঁছানোর কথা ছিল।
সার বোঝাই শেষে সন্ধ্যায় নওয়াপাড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের নওয়াপাড়া ফেরিঘাট এলাকায় ট্রাকটি রেখে চালক ও তার সহযোগী চলে যান।
পরদিন মঙ্গলবার সকালে নির্ধারিত স্থানে সারবোঝাই ট্রাকটি না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন সংশ্লিষ্টরা। একপর্যায়ে উপজেলার প্রেমবাগ গ্রামে নিতা কোম্পানির সামনে যশোর-খুলনা মহাসড়কের পাশে ট্রাকটির সন্ধান মেলে। তবে ট্রাকটিতে থাকা প্রায় চার লাখ পাঁচ হাজার টাকা মূল্যের ৩০০ বস্তা সরকারি ইউরিয়া সার, ট্যাংকিতে থাকা ২০০ লিটার জ্বালানি তেল ও দুটি ত্রিপল পাওয়া যায়নি।
দুর্বৃত্তরা মালামাল চুরি করে খালি ট্রাকটি মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ খালি ট্রাকটি উদ্ধার করেছে। তবে ট্রাকের ভেতরে কোনো সার পাওয়া যায়নি।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে এবং তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।