মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে স্ত্রী তাহমিনা খাতুনকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী শহিদুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
তবে মামলার অপর আসামি আনোয়ারা খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেন আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম কবির আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম মেহেরপুরের মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামের রিফিউজিপাড়ার দরুদ আলীর ছেলে।
মামলার বিবরণে বলা হয়, আগের চারটি বিয়ের তথ্য গোপন রেখে প্রায় ২৪ বছর আগে সাহেবপুর গ্রামের তাহমিনা খাতুনকে পঞ্চম বিয়ে করেন শহিদুল। বিয়ের সময় নগদ দুই লাখ টাকা ও একটি গরু যৌতুক হিসেবে নেন তিনি। এই দম্পতির তিন কন্যাসন্তান রয়েছে।
পরবর্তী সময়ে আনোয়ারা খাতুন নামে এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে ষষ্ঠ বিয়ে করেন শহিদুল। এরপর অন্য স্ত্রীদের প্ররোচনায় তাহমিনাকে তালাক দিয়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। পরে পারিবারিক বিরোধ মীমাংসার কথা বলে ২০১৮ সালের ১২ মার্চ তাহমিনাকে আবারও নিজের বাড়িতে নিয়ে যান তিনি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, একই বছরের ১৫ মার্চ তাহমিনার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধরে এনে আনোয়ারা খাতুনের সহযোগিতায় শ্বাসরোধে হত্যা করেন শহিদুল। পরে ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচার চালানো হয়।
এ ঘটনায় নিহত তাহমিনার ভাই আল-আমিন বাদী হয়ে মুজিবনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রথমে মামলাটি তদন্ত করেন মুজিবনগর থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার পাল। পরে মামলার তদন্তভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়। সিআইডির উপপরিদর্শক আনোয়ার জাহিদ তদন্ত শেষে ২০১৯ সালের ২ নভেম্বর শহিদুল ইসলাম ও আনোয়ারা খাতুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
মামলায় মোট ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই দণ্ড দেন। রায় ঘোষণার পরপরই দণ্ডপ্রাপ্ত শহিদুলকে পুলিশ পাহারায় মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলি (পিপি) এএসএম সাইদুর রাজ্জাক টোটন এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আব্দুল মতিন।