খুলনা অফিস
খুলনা নগরীর পশ্চিম টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করেছে এসআরবি-৬।
মঙ্গলবার বেলা ১১টার দিকে নওয়াব আলী সিকদারের বাড়ির পুরনো রান্নাঘর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। এ সময় তালিকাভুক্ত সন্ত্রাসী শহিদুল ইসলাম সিজান (২৬) পালিয়ে যায়।
সিজান টুটপাড়া এলাকার শাহজাহান সিকদারের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যায় এসআরবি-৬ এর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসআরবি জানায়, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম টুটপাড়া এলাকায় তারা অভিযান চালায়। এ সময় ওই বাড়ির পুরনো রান্নাঘর থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এসআরবি-৬ দাবি করছে, উদ্ধার করা অস্ত্রের পাশে একটি মোবাইলফোন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, অস্ত্র ও মোবাইলফোনটি খুলনার তালিকাভুক্ত সন্ত্রাসী শহিদুল ইসলাম সিজানের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা অস্ত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক সিজানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।