ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে পাঁচবছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মতলেব হোসেন (৫২) নামে এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। গ্রেপ্তার মতলেব হোসেন ঝিনাইদহ সদরের আনসার আলীর ছেলে।
ঝিনাইদহ সদর থানার বেতাই-চণ্ডীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তরিকুল ইসলাম বলেন, বুধবার বেলা ১১টার দিকে মতলেবের ভ্যানে করে বাড়ি ফিরছিল শিশুটি। পথে কমলালেবু খেতে দেওয়ার কথা বলে তাকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে একটি ঘরে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন । এ সময় শিশুটি কান্নাকাটি শুরু করলে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে বাড়ি ফিরে শিশুটি তার বাবা-মাকে বিষয়টি জানায়। তারা শিশুটিকে নিয়ে পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেন।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন বলেন, পুলিশ শিশুটিকে কাউন্সেলিং করে তার পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নিয়েছে। ঘটনার পরপরই অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়। ভ্যানচালককে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।