স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের বাঘারপাড়ায় একটি বাড়িতে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় সুমন হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার দিবাগত রাতে উপজেলার দোহাকুলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সুমন ওই গ্রামের কামরুল ইসলামের ছেলে।
মামলার অভিযোগে জানা যায়, ২০২৬ সালের ৭ এপ্রিল গভীর রাতে দোহাকুলা গ্রামের গোলাপী খাতুনের বাড়িতে হামলা চালায় একদল ব্যক্তি। দরজা ভাঙার শব্দে ঘুম ভেঙে গেলে গোলাপী ও তার মেয়ে বাইরে বাতি জ্বালিয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার করেন।
পরে তারা বাথরুমে আশ্রয় নেন। এ সময় হামলাকারীরা টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে গোলাপী ও তার মেয়ে রিমিকে বাইরে এনে উঠানে ফেলে মারধর করে। এতে গোলাপী গুরুতর আহত হন। তার মাথায় আঘাত লাগে এবং বাম হাতের দুটি হাড় ভেঙে যায়।
এরপর হামলাকারীরা দোকানের ভেতরে ঘুমিয়ে থাকা গোলাপীর বাবা নুরুল ইসলামকেও মারধর করে গুরুতর আহত করে। আহতদের প্রথমে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গোলাপী খাতুনকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা বাড়ি নির্মাণের জন্য রাখা দুই লাখ টাকা, দোকানের ক্যাশবাক্সে থাকা এক লাখ ৩৩৮ টাকা, স্বর্ণালংকার, দোকানের মালামাল এবং টিনের চাল ও বেড়াসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
চিকিৎসা শেষে গোলাপী খাতুন বাঘারপাড়া থানায় মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে ২০ এপ্রিল তিনি আদালতে মামলা করেন। আদালতের আদেশে ১ মে অভিযোগটি বাঘারপাড়া থানায় নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত হয়।
মামলায় কামরুল, আজিজুর, তৌহিদ, তারেক, ফরিদ, টুটুল, সুমন হোসেন, নাঈম, হারুন, তৈমুর, রাসেল, ইমামুল, মুন্না, সোহাগ ও মিঠুসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।
মামলাটি তদন্ত করে তৎকালীন তদন্ত কর্মকর্তা এসআই প্রসেনজিৎ কুমার মণ্ডল এজাহারভুক্ত আসামিদের অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। তবে বাদী গোলাপী বেগম ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন। বর্তমানে মামলাটি যশোর সিআইডি তদন্ত করছে।