খুলনা অফিস
পাঁচ বছরের দুই শিশু ধর্ষণের অভিযোগে রিয়াজুল ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) খুলনা জেলা শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক মো. রাখিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত রিয়াজুল ইসলাম খুলনার কয়রা উপজেলা সদরের কয়রা গ্রামের মো. শেরজুল ইসলামের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী হরিদাস তরফদার।
আদালত সূত্র জানায়, ২০২৫ সালের ২৯ জুলাই বাদী ও তার প্রতিবেশী চাচি শাশুড়ি বাড়িতে ছিলেন না। ওই দিন বিকেলে বাদীর পাঁচ বছরের মেয়ে ও প্রতিবেশীর মেয়ে বাড়ির সামনে খেলা করছিল। এ সময় দুই শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে রিয়াজুল ইসলাম ধর্ষণ করে। পরে তারা বাড়িতে গিয়ে ঘটনাটি তাদের মায়ের কাছে জানায়। এরপর পাঁচ দিন পর আসামি পুনরায় একই ঘটনা ঘটায়। এ ঘটনায় একজন শিশুর মা থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ রিয়াজুলকে গ্রেপ্তার করে। একই বছরের ২৯ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা প্রণয় মণ্ডল আসামি রিয়াজুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। তার আগে রিয়াজুল ইসলাম তার অপরাধ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।