বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিধান কুমার ব্রহ্ম (৫৫) এবং উপজেলা তাঁতীলীগের প্রচার সম্পাদক কৌশিক সাহা (৩৩)।
পুলিশ জানায়, বিধান কুমার ব্রহ্ম উপজেলার কালশিরা গ্রামের মৃত কিরণচন্দ্র ব্রহ্মের ছেলে।
তিনি কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
অপর গ্রেপ্তার ব্যক্তি কৌশিক সাহা উপজেলা সদর বাজার এলাকার মৃত বৈদ্যনাথ সাহার ছেলে। তিনি পেশায় মুদি ব্যবসায়ী।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম মাসুম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার রাতে পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
এ সময় কালশিরা এলাকা থেকে বিধান কুমার ব্রহ্ম এবং সদর বাজার এলাকা থেকে কৌশিক সাহাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তার দুজন সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার আসামি।
শনিবার (২৮ নভেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।