স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর শহরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে সরকারবিরোধী মিছিল করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে আরও একটি মামলা হয়েছে।
গত ২৭ নভেম্বর শুক্রবার দিবাগত রাতে শহরের বিমান অফিস মোড়সংলগ্ন শহীদ মশিউর রহমান সড়কে এ মিছিল বের করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন থানার উপপরিদর্শক (এসআই) শেখ সাইফুল ইসলাম।
মামলায় ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।
এজাহারভুক্ত আসামিদের মধ্যে পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন বাঘারপাড়া উপজেলার ক্ষেত্রপালা গ্রামের মিথুন হোসেন (২৭), উত্তর শ্রীরামপুর গ্রামের রনি হাসান, মণিরামপুর উপজেলার চালকিডাঙ্গা গ্রামের হাসিবুল বাশার শান্ত (২৮), কন্দর্পপুর গ্রামের হুমায়ুন কবির (৩২) এবং যশোর সদর উপজেলার রঘুরামপুর গ্রামের নাছিম আহমেদ (১৯)।
মামলার অন্য আসামিরা হলেন শহরতলীর আরবপুরের আল আমিন, বাদল, শিমুল; রঘুরামপুরের নাছিম আহম্মেদ; খড়কির মেহেদী; যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাজীপাড়ার হৃদয়; পালবাড়ির জাকারিয়া, সাহস; নুরপুরের সেতু; খোলাডাঙ্গার মাসুদ রানা; আরবপুরের সুমন; লোন অফিসপাড়ার বাঁধন; সাকিব চৌধুরী; চুড়িপট্টির মীর মোশারফ হোসেন বাবু; গড়িখানা রোডের রনি; শংকরপুরের রনি; ভেকুটিয়ার জনি; বাঘারপাড়া উপজেলার ক্ষেত্রপালা গ্রামের কৌশিক বিশ্বাস, সবুজ বিশ্বাস, ফারদিন মোল্লা ও শুভ; মণিরামপুরের চালকিডাঙ্গা গ্রামের তামিম ও ফয়সাল এবং মশ্মিনগরের জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আসাদ।
এজাহারে বলা হয়েছে, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গত ২৭ নভেম্বর রাত ৮টা ২০ মিনিটের দিকে বিমান অফিস মোড়সংলগ্ন শহীদ মশিউর রহমান সড়কের পাকা রাস্তায় সরকারবিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল বের করেন।
এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। মিছিলের কারণে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ছাত্রলীগের সাবেক নেতা সুমন ও জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদের নেতৃত্বে ওই মিছিল বের করা হয়।