স্টাফ রিপোর্টার
, যশোর
বাড়ি নির্মাণের সময় যশোরের বেনাপোলে ২০ লাখ টাকা চাঁদা দাবি, পিস্তল ঠেকিয়ে হত্যাচেষ্টা ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী হযরত আলী (৬৭)।
তিনি বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর উত্তরপাড়ার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অস্ট্রেলিয়া প্রবাসী হযরত আলী জানান, কয়েকমাস আগে দেশে ফিরে তিনি নিজের বাড়িতে নির্মাণকাজ শুরু করেন। এরপর থেকেই অভিযুক্তরা তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন।
চাঁদা না দেওয়ায় গত ৬ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অভিযুক্তরা তার বাড়িতে হামলা চালায়। এ সময় তার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা করা হয় এবং চাকু ও রড দিয়ে পিটিয়ে তাকে গুরুতর জখম করা হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হযরত আলীর অভিযোগ, ঘটনার পর থানায় মামলা না নিয়ে তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। বর্তমানে অভিযুক্তরা মামলা না করার জন্য বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। এতে তার পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
ভুক্তভোগী পরিবারটি এই হামলার সুষ্ঠু বিচার এবং প্রশাসনের কাছে জরুরি নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে।