কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর পৌর এলাকার বাজিতপুর ব্র্যাক স্কুলের সামনে থেকে চুরি যাওয়া টিউবওয়েলের উপরের অংশ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফির বাড়ি থেকে উদ্ধার হয়েছে।
বিষয়টি ধামাচাপা দিতে এঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় বাজিতপুর মোড়ে এক সালিশ বৈঠকের আয়োজন করা হয়।
এলাকাবাসী জানান, সোমবার রাতে কে বা কারা কেশবপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের বাজিতপুর ব্র্যাক স্কুলের সামনে থেকে একটি টিউবওয়েলের গোড়া থেকে খুলে নিয়ে যায়। এরপর খোঁজখবর নেওয়ার একপর্যায়ে সেটি মঙ্গলবার সকালে ওয়ার্ড বিএনপির নেতা মফিজুর রহমানের বাড়ি থেকে উদ্ধার করা হয়। চুরির ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সন্ধ্যায় এক বৈঠকের আয়োজন করা হয়।
স্থানীয়রা জানান, ১০-১২ বছর আগে স্কুলশিক্ষার্থী ও স্থানীয়দের পানির চাহিদা মেটাতে সেখানে একটি টিউবওয়েল স্থাপন করা হয়।
মহল্লাবাসী জানান, তাদের পানির চাহিদা মেটানো কলটি চোরেরা চুরি করে নিয়ে যায়। পরের দিন ওই কলটি মফির বাড়ি থেকে উদ্ধার করা হয়।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফি বলেন, সোমবার রাতে কে বা কারা একটি টিউবওয়েলের মাথা তার বাড়ির মধ্যে রেখে যায়। চোর শনাক্ত করতে মঙ্গলবার সন্ধ্যায় সালিশ ডাকা হয়েছে।