সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা শহরের হাটখোলা এলাকায় নিজ ঘর থেকে ওয়াহেদা সুলতানা শিমু (৩৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৪ জুন) গভীর রাতে শহরের পুরাতন সাতক্ষীরা হাটখোলা এলাকার একটি বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিমু ওই এলাকার মৃত মিয়ারাজ আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে খবর পেয়ে সাতক্ষীরা সদর ফাঁড়ি ও সদর থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে শিমুকে তার নিজ ঘরের বিছানার ওপর উপুড় হয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, গত বুধবার (৩ জুন) সন্ধ্যার পর বাড়ির সামনে একটি চায়ের দোকানে শিমুকে সর্বশেষ দেখা গিয়েছিল। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পুরো বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।"
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে।