কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার ইলিয়াসাবাদ ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া ফারজানা (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার আইজপাড়া এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে নলীয়া নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে নিখোঁজ হয় সে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫টার দিকে মাথাভাঙ্গা গ্রামের আলী মোল্লার মেয়ে ফারজানা আরও দুই শিশুর সঙ্গে নলীয়া নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর তীব্র স্রোতে সে তলিয়ে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালালেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। খবর পেয়ে কালিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে খুলনা থেকে ডুবুরি দল এনে নদীতে তল্লাশি চালানো হয়।
কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক (ইন্সপেক্টর) মো. হুমায়ুন কবির জানান, ডুবুরি দলের সহায়তায় দীর্ঘ তল্লাশি চালিয়ে শুক্রবার সকালে আইজপাড়া এলাকা থেকে ফারজানার মরদেহ উদ্ধার করা হয়।
এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।