এম জুবায়ের মাহমুদ
, শ্যামনগর (সাতক্ষীরা)
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মাপুকুর এলাকার ১০৯ নম্বর দক্ষিণ খুঁটিঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কুমার কর্মকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নিয়মিত বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, তিনি সপ্তাহে দুই থেকে তিনদিন বিদ্যালয়ে আসেন না, ফলে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
রোববার (১২ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যালয়ে অবস্থান করেও প্রধান শিক্ষককে পাওয়া যায়নি। বিদ্যালয়ের সহকারী শিক্ষক পবিত্র মণ্ডল বলেন, ‘হেড স্যার আজ আসেননি। সকাল থেকে তার সঙ্গে আমাদের কোনো কথাও হয়নি।’
স্থানীয় জামাল উদ্দীন, আব্দুল মাজেদ, শাহিন আলম, ওবায়দুল, নিমাই ও মারুফ হোসেনসহ একাধিক ব্যক্তি অভিযোগ করেন, প্রধান শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে আসেন না। যেদিন আসেন, সেদিনও অনেক সময় দুপুরের দিকে উপস্থিত হন।
তাদের অভিযোগ, তিনি প্রায়ই ব্যক্তিগত কাজে ঢাকা, খুলনাসহ বিভিন্ন স্থানে যাতায়াত করেন।
স্থানীয় ইব্রাহিম হোসেনের অভিযোগ, হাজিরা নিবন্ধনেও অনিয়ম করা হয়। তার দাবি, প্রধান শিক্ষক যেদিন অনুপস্থিত থাকেন, পরে এসে ওই দিনের উপস্থিতির স্বাক্ষর করেন।
শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘তিনি কোনো ছুটি নেননি। আজ বিদ্যালয়ে না আসার বিষয়ে আমি কিছু জানি না।’
অপর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক বলেন, ‘আজ তিনি বিদ্যালয়ে যাননি। এ বিষয়ে বিভাগীয় প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে প্রধান শিক্ষক পরিমল কুমার কর্মকারের ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয়দের দাবি, প্রধান শিক্ষকের অনুপস্থিতি, হাজিরা নিবন্ধনে অনিয়ম এবং শিক্ষা কার্যক্রমে অবহেলার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।