বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী উপজেলায় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৭৮ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ৩৫ জন ট্যালেন্টপুলে এবং ৪৩ জন সাধারণ বৃত্তি পেয়েছে।
রোববার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উপজেলার ১১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কয়েকটি কিন্ডারগার্টেনের ৬৯৬ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও ১৯৯ জন অনুপস্থিত থাকায় পরীক্ষায় অংশ নেয় ৪৯৭ জন।
বৃত্তিপ্রাপ্তদের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩১ জন ট্যালেন্টপুল ও ৩৭ জন সাধারণ বৃত্তি পেয়েছে। এছাড়া কিন্ডারগার্টেনের চারজন ট্যালেন্টপুল এবং ছয়জন সাধারণ বৃত্তি অর্জন করেছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে বড়বাড়িয়া নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সর্বোচ্চ সাতজন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছয়জন এবং সুরশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পাঁচজন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য কামনা করেন।