মাগুরা প্রতিনিধি
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে মাগুরায় বৃক্ষরোপণ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’-এর সহযোগিতায় ‘অপরাজিতা মাগুরা জেলা টিম’ এই কর্মসূচির আয়োজন করে।
শুক্রবার (৫ জুন) সকাল ১০টায় মাগুরা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে জেলাজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান। তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং পরিবেশ রক্ষায় সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
এ সময় বক্তব্য দেন অপরাজিতা সংগঠনের নির্বাহী পরিচালক শফিকুর রহমান, পল্লী প্রকৃতির নির্বাহী সম্পাদক কল্যাণী বিশ্বাসসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্বনাথ চক্রবর্তী।
মানববন্ধনে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই সবাইকে বেশি বেশি গাছ লাগানো এবং পরিবেশবান্ধব জীবনযাপনে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান তারা।