সাতক্ষীরা প্রতিনিধি
‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা সদর ও উপকূলীয় উপজেলা শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। শুক্রবার (৫ জুন) সকালে বর্ণাঢ্য র্যালি, ব্যতিক্রমী বৃক্ষ পদযাত্রা, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে বিভিন্ন পরিবেশবাদী ও বেসরকারি উন্নয়ন সংস্থা।
সুন্দরবন ফাউন্ডেশনের আয়োজনে এবং জেটনেটবিডি, বেলা, টিআইবিসহ সমমনা সংগঠনগুলোর সহযোগিতায় সকালে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে কবি পল্টু বাশারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম। সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে উপকূলীয় অঞ্চলসহ পুরো দেশকে রক্ষা করতে হলে এখনই সমন্বিত উদ্যোগ নিতে হবে। আলোচনা শেষে শহরের প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ করা হয়।
অনুরূপভাবে, এনভায়রনমেন্ট প্রটেকশন ফোরাম (ইপিএফ) ও স্বদেশের উদ্যোগে সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে র্যালি ও ম্যানগ্রোভ সভাঘরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাপা জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা অপরিকল্পিত নগরায়ণ ও দূষণ রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

এদিকে উপকূলীয় উপজেলা শ্যামনগরে গবেষণা প্রতিষ্ঠান বারসিক, উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশন ও গ্রিন কোয়ালিশনের যৌথ উদ্যোগে এক ব্যতিক্রমী বৃক্ষ পদযাত্রা অনুষ্ঠিত হয়।
সকালে ঈশ্বরীপুর এ. সোবহান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শতাধিক মানুষের অংশগ্রহণে পদযাত্রাটি বের হয়ে যশোরেশ্বরী মন্দির অভিমুখে রওনা হয়। অংশগ্রহণকারীদের হাতে লবণসহিষ্ণু কদবেল, পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা ছিল। পদযাত্রা শেষে সবাই একটি করে গাছ দত্তক নেন এবং পরিবেশ সুরক্ষার শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান আটুলিয়া ইউনিয়নের সবুজ যোদ্ধা রবীন্দ্রনাথ মণ্ডল। অনুষ্ঠানে বক্তারা তৃণমূল পর্যায় থেকে জলবায়ু সহনশীল সমাজ গড়ে তোলার আহ্বান জানান।