দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৫৭৮ জন মানুষ নিজেদের রক্তের গ্রুপ জানতে পেরেছেন।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার নাংলা এলাকার ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ে নোঙর ফাউন্ডেশনের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
‘রক্তের গ্রুপ জানি, জীবন বাঁচাতে প্রস্তুত থাকি’ প্রতিপাদ্যে আয়োজিত ক্যাম্পে স্কুল ও মাদরাসার শিক্ষার্থীসহ বিভিন্ন বয়স ও পেশার মানুষ অংশ নেন।
ক্যাম্পে অংশগ্রহণকারীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
পরীক্ষা শেষে প্রত্যেকের হাতে রক্তের গ্রুপ উল্লেখ করা কার্ড তুলে দেওয়া হয়।
তাদের মধ্যে অনেকেই প্রথমবারের মতো নিজেদের রক্তের গ্রুপ জানতে পারেন।
আয়োজকরা জানান, রক্তের গ্রুপ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করা এবং জরুরি প্রয়োজনে দ্রুত রক্তদাতা খুঁজে পাওয়ার সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
ক্যাম্পে উপস্থিত ছিলেন নোঙর ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য এনামুল হক বিশ্বাস।
এ ছাড়া সংগঠনের সভাপতি আব্দুল কাদের, সহসভাপতি নাজমুল হোসেন, সাধারণ সদস্য তারেক হাসান, আহসানউল্লাহ, মাহি, ইমন ও আব্দুল্লাহসহ সংগঠনের স্বেচ্ছাসেবকরা ক্যাম্প পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।
আয়োজকরা আরও জানান, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ অব্যাহত রাখা হবে।