স্টাফ রিপোর্টার
, যশোর
সিএসএস'র প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সীর স্মরণে যশোরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম যশোর জোনের আয়োজনে, সদর ব্রাঞ্চ-২ এর তফসীডাঙ্গা পুলেরহাট অফিসে এই ক্যাম্প সম্পন্ন হয়।
সিএসএস'র রিজিওনাল ম্যানেজার মো. মফিজুর রহমান জানান, এমএফপি (MFP) কার্যক্রমের আওতাভুক্ত উপকারভোগী শতাধিক মা ও শিশুকে এই ক্যাম্পে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে হেলথ চেকআপ, ব্যবস্থাপত্র প্রদান এবং প্রয়োজনীয় কিছু ওষুধ বিতরণ করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে দিনব্যাপী রোগীদের সেবা দেন ডা. শিউলি শারমিন খান (এমবিবিএস)।
সেবা প্রদানকালে ডা. শিউলি শারমিন খান বলেন, সিএসএস'র এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে আমি এই মেডিকেল ক্যাম্পে রোগীদের সেবা দিচ্ছি। এখানে মূলত সুবিধাবঞ্চিত মানুষরা সেবা নিচ্ছেন, পাশাপাশি সকল শ্রেণির মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছেন।
আমরা যথাযথভাবে তাদের ব্যবস্থাপত্র দিচ্ছি। আমি ব্যক্তিগতভাবে সিএসএস'র এই মহতী কর্মকাণ্ডকে সাধুবাদ জানাই এবং আশা করি তারা ভবিষ্যতে এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
সেবা নিতে আসা শংকরপুর এলাকার মোছা. শান্তা বলেন, আমি ও আমার পরিবারের সদস্যরা এখানে এসে সেবা গ্রহণ করেছি। বিনামূল্যে ওষুধও পেয়েছি। ক্লিনিকে দেখাতে গেলে মোটা অংকের টাকা লাগত, এখানে সেই ঝামেলা নেই। ডাক্তার অনেক সময় নিয়ে যত্ন সহকারে আমাদের দেখছেন। একই ধরনের সন্তুষ্টি প্রকাশ করেন তফসীডাঙ্গার ফাতেমা বেগমসহ অনেকে।
মেডিকেল ক্যাম্প চলাকালীন আরও উপস্থিত ছিলেন সিএসএস এর ব্রাঞ্চ ম্যানেজার এসএম জাহিদুল, ব্রাঞ্চ হিসাবরক্ষক মো. ফয়জুল আলমসহ স্থানীয় পর্যায়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আয়োজকরা জানান, অসহায় ও সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।