যশোর, বাংলাদেশ || রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ক্ষতিগ্রস্ত মানুষকে মূলধারায় ফেরাতে সর্বাত্মক সহযোগিতা থাকবে: অমিত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ০৭:৫৭ পিএম
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ০৮:৪৮ পিএম
ক্ষতিগ্রস্ত মানুষকে মূলধারায় ফেরাতে সর্বাত্মক সহযোগিতা থাকবে: অমিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলছেন, ক্ষতিগ্রস্ত মানুষকে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে যেকোনো উদ্যোগে সরকারের সর্বাত্মক সহযোগিতা রয়েছে।

তিনি বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত এই সরকার দেশ ও দেশের মানুষের জন্য প্রয়োজনীয় সবকিছু করতে বদ্ধপরিকর।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে যশোর টাউন হল ময়দানে দুই দিনব্যাপী জেলা পর্যায়ের উদ্যোক্তা সম্মেলন ও মেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের অর্থনৈতিক পুনর্বাসন ও স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করা জরুরি।

তাদের উদ্যোগগুলোকে এগিয়ে নিতে বাজার সম্প্রসারণ, আর্থিক সেবা, ব্যবসায়িক জ্ঞান ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।

উইনরক ইন্টারন্যাশনালের আশ্বাস প্রকল্পের আওতায় মানবাধিকার সংস্থা রাইটস যশোরের আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তর, যশোর, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, যশোর ও যশোর চেম্বার অব কমার্স এর সহযোগিতায় এবং সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে আয়োজিত এ সম্মেলন ও মেলায় ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য ও সেবা প্রদর্শন ও বিক্রির সুযোগ পেয়েছেন।

আয়োজকরা জানান, মানব পাচারের শিকার ব্যক্তিদের দীর্ঘমেয়াদি পুনর্বাসনের অন্যতম প্রধান ভিত্তি অর্থনৈতিক পুনরেকত্রীকরণ।

তাদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে ধারাবাহিক সহায়তার পাশাপাশি বাজারে প্রবেশাধিকার, আর্থিক সেবা, ব্যবসায়িক দক্ষতা অর্জন এবং বিভিন্ন ব্যবসায়িক নেটওয়ার্কের সঙ্গে সংযোগ প্রয়োজন।

আশ্বাস প্রকল্পের উদ্যোক্তারা বর্তমানে হস্তশিল্প, দর্জি ও পোশাকশিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষিভিত্তিক পণ্য, গবাদিপশু পালনসহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন।

তবে তাদের অধিকাংশের ব্যবসা স্থানীয় পর্যায়ের ক্রেতাদের মধ্যে সীমাবদ্ধ।

বড় ক্রেতা ও প্রতিষ্ঠিত ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ এবং সরকারি ও আর্থিক সেবা সম্পর্কে তাদের সচেতনতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।

রাইটস যশোরের সভাপতি ডাক্তার ইয়াকুব আলী মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান এবং যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান।

স্বাগত বক্তব্য রাখেন উইনরক ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি দীপ্তা রক্ষিত। শুভেচ্ছা বক্তব্য রাখেন রাইটস যশারের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক।

উদ্বোধনী দিনে উদ্যোক্তা এবং সারভাইভাররা নিজেদের নানা অভিজ্ঞতা এবং ঘুরে দাঁড়ানোর গল্প শোনান।

এই সম্মেলনের মূল লক্ষ্য উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সাধারণ মানুষ ও সম্ভাব্য ক্রেতাদের সামনে তুলে ধরা, বাজার সম্প্রসারণ এবং প্রতিষ্ঠিত ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠন, আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি সেবাদানকারী সংস্থার সঙ্গে তাদের সংযোগ তৈরি করা।

সম্মেলনে সম্ভাব্য ক্রেতা, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বাজার সমিতি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে উদ্যোক্তাদের যোগাযোগ তৈরির পাশাপাশি পণ্যের উন্নয়ন, ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং এবং ব্যবসা পরিচালনার বিষয়ে ব্যবহারিক জ্ঞান দেওয়ার উদ্যোগ রয়েছে।

রোববার (২৯ নভেম্বর) দুই দিনব্যাপী এ সম্মেলনে আশ্বাস প্রকল্পের ক্ষুদ্র উদ্যোক্তা, মেন্টর, সরকারি সেবাদানকারী সংস্থা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি খাতের প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, এবং স্থানীয় ক্রেতারা অংশ নিচ্ছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)