স্টাফ রিপোর্টার
, যশোর
পূর্ব শত্রুতার জেরে যশোরের বাঘারপাড়ায় সিদ্দিক মোল্লা (৬০) নামে এক ব্যক্তিকে লাঠি ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা।
শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার রাজনীতি মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত সিদ্দিক মোল্লা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের ইজ্জত আলীর ছেলে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর পরিবারের জানায়, দক্ষিণ চাঁদপুর গ্রামের বারেক মোল্লার ছেলে সবুর, আমজাদ মাস্টারের ছেলে রাব্বি, আকবর মোল্লার ছেলে হাবিব এবং আলতার দুই ছেলে নাজিম ও সাহাবারের সাথে সিদ্দিক মোল্লার জমির আইল কাটা নিয়ে শত্রুতা ছিল।
এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে সিদ্দিক মোল্লা রাজনীতি মোড়ে পৌঁছালে ওত পেতে থাকা সবুর, রাব্বিসহ চারজন লাঠি ও হাতুড়ি নিয়ে তার ওপর অতর্কিতে হামলা চালায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।
জেনারেল হাসপাতালের চিকিৎসক রিফাত আহম্মেদ বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছে।