স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হোসেন হত্যা মামলার মূল অভিযুক্ত দুই ভাইকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে ফরিদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই ভাই হলেন বাঘারপাড়া উপজেলার খাজুরা এলাকার তেলিধান্যপুড়া গ্রামের বাসিন্দা রাব্বি ও মারুফ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে গ্রেপ্তার দুই ভাইকে সঙ্গে নিয়ে হত্যাকাণ্ডের ঘটনাস্থলে যায় ডিবি পুলিশের একটি দল।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় জব্বারের চাতাল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
তবে এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং বা বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই বাঘারপাড়া উপজেলার খাজুরা এলাকার তেলিধান্যপুড়া গ্রামে প্রকাশ্যে কুপিয়ে স্থানীয় যুবদল নেতা রুবেল হোসেনকে হত্যা করা হয়।
নিহত রুবেল ও মামলার অভিযুক্ত দুই ভাই একই গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকেই রাব্বি ও মারুফ পলাতক ছিলেন।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশ ফরিদপুরে তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।
এ বিষয়ে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার সরকার জানান, গ্রেপ্তার আসামিদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
হত্যাকাণ্ডে তাদের সরাসরি সম্পৃক্ততা এবং হত্যার কারণ (মোটিভ) সম্পর্কে তদন্ত চলছে।
তদন্ত শেষে দ্রুত সংবাদ সম্মেলন বা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হবে।