লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলায় ইসলাম শেখ (৫০) নামে এক ভ্যানচালকে কুপিয়ে হত্যা করেছে তার প্রতিপক্ষের লোকজন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ইসলাম শেখ উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত বজলু শেখের ছেলে। তিনি পেশায় অটোভ্যানচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে টিপু সুলতান সমর্থিত লোকজনের সাথে একই গ্রামের মফিজার শেখ সমর্থিতদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এর জেরে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে দুই পক্ষের লোকজন, ঢাল, সড়কি, রামদা নিয়ে সংঘর্ষে জড়ায়।
বেলা ৩টার দিকে ভ্যান চালিয়ে বাড়ি ফেরার পথে রঘুনাথপুর কবরস্থান এলাকায় টিপু সুলতান পক্ষীয় লোকজন ইসলাম শেখকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে।
স্থানীয়রা ইসলাম শেখকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।