লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে নিহত ভ্যানচালক মিরচাঁদ সরদার হত্যা মামলার প্রধান আসামি, সাবেক ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম মোল্যাকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার শহীদুল মোল্যা উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামের মৃত গফফার মোল্যার ছেলে এবং ওই ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান এই তথ্য গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি দল তথ্য প্রযুক্তির সহযোগিতায় বৃহস্পতিবার সন্ধ্যারাতে খুলনা নগরীর লবণচরা এলাকায় তার ভায়রার বাড়িতে অভিযান চালিয়ে শহিদুলকে গ্রেপ্তার করে। পরে তাকে লোহাগড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রাত ১০টার দিকে আটক শহিদুলকে খুলনা থেকে সড়কপথে লোহাগড়া থানায় আনা হয়েছে। পরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে বুধবার সকালে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে মিরচাঁদ সরদার খুন হন।