স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর শিক্ষা বোর্ড স্কুল অ্যান্ড কলেজের ভবনের পেছন থেকে এসির তার চুরি ও এক নারীকে মারপিটের আলাদা দুটি ঘটনায় দুজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন একদিনের বিচারিক আদালত। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো, শহরের বারান্দীপাড়ার রাশেদ কুদ্দুসের ছেলে মুন্না ও সদর উপজেলার লেবুতলা গ্রামের মৃত আতর আলীর ছেলে তৌহিদুর রহমান।
মামলার অভিযোগে জানা গেছে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে শিক্ষা বোর্ডের স্কুল ভবনের পেছনে বৈদ্যুতিক তার কাটার সময় দায়িত্বে থাকা আনসার সদস্যরা মুন্নাকে হাতেনাতে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। এই ঘটনায় করা মামলার প্রতিবেদনসহ থানা পুলিশ আটক মুন্নাকে একদিনের বিচারিক আদালতে সোপর্দ করে। আদালতের বিচারক প্রতিবেদনের ওপর শুনানি ও আসামি দোষ স্বীকার করায় তাকে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
অপরদিকে, পারিবারিক বিরোধের জেরে লেবুতলা গ্রামের মৃত আতর আলীর মেয়ে শামীমা আক্তার মুন্নিকে গত ৪ সেপ্টেম্বর সকালে তার সৎ ভাই তৌহিদুর রহমান মারপিট করে। পরে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনায় মুন্নি কোতোয়ালি থানায় একটি অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তৌহিদুর রহমানকে আটক ও প্রতিবেদনসহ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে। আদালতের বিচারক সাক্ষীদের বক্তব্য ও আসামি দোষ স্বীকার করায় তাকে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
সাজাপ্রাপ্ত দুজন কারাগারে আটক আছে।