খুলনা অফিস
খুলনার সরকারি ইকবালনগর বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নির্জনা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। রোববার নগরীর ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকার সর্বস্তরের মানুষ এতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নিহত স্কুলছাত্রী নির্জনার ‘ঘাতক পিতা-মাতা’ মাদকাসক্ত। তারা মাদক ব্যবসার সঙ্গে যুক্ত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তারা একাধিকবার আটক হয়েছে। এ মাদকাসক্ত দম্পতি তাদের একমাত্র কন্যাকে পৈশাচিকভাবে হত্যা করেছে।
বক্তারা এ হত্যাকাণ্ডে অভিযুক্ত বাবা আকাশকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
তারা দাবি করেন, হত্যাকারী দম্পতি নিজেদের অপরাধ আড়াল করার জন্য মেয়ের নামে অপপ্রচার চালিয়েছেন। সন্তানকে নির্মমভাবে হত্যাকারী দম্পতি নিকৃষ্ট এবং ধিকৃত।
তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের প্রতি আবেদন জানান।
‘বসুপাড়া বাঁশতলা মোড় এলাকার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার নারী, পুরুষ ও শিশুরা অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে ‘নীরবতা নয়, প্রতিবাদ’, ‘আমার বোন কবরে, খুনি কেন বাইরে? প্রশাসন জবাব চাই’ লেখাসম্বলিত বিভিন্ন প্লাকার্ড দেখা যায়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন শেখ জামাল উদ্দিন, মাহমুদ আলম বাবু মোড়ল, আরিফুল ইসলাম বিপ্লব, ডা. শাহীন আহসান, এজে কুদ্দুস প্রমুখ।
গত ৮ জুলাই নগরীর প্রান্তিকা আবাসিক এলাকায় এক কিশোরীর বস্তাবন্দী মৃতদেহ পাওয়া যায়। অনুসন্ধানে পুলিশ জানতে পারে নিহতের নাম আরফানা হোসেন নির্জনা। তার মা আরিফা ইয়াসমিন সীমাকে ১০ জুলাই পুলিশ আটক করে। সীমা ঘটনার বিবরণ দিয়ে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেন। তার ভাষ্য অনুযায়ী, মূল হত্যাকারী নির্জনার বাবা আলিম হোসেন আকাশ। তাকে পুলিশ এখনও গ্রেপ্তার করতে পারেনি।